দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে বড় বাধা হয়ে আছে বাটন ফোনের ব্যবহার। বর্তমানে প্রায় ছয় কোটি মানুষ বাটন ফোন ব্যবহার করেন। তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেট সুবিধা নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ কথা বলেছেন।
চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে গতকাল বাংলা কিউআর নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সমঝোতা স্মারকের আওতায় ‘ক্যাশলেস ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।
গভর্নর বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে প্রতিদিন এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বিপুলসংখ্যক মানুষের বাটন ফোন ব্যবহারের কারণে এ লক্ষ্য অর্জন কঠিন হচ্ছে।
তিনি বলেন, স্বল্পমূল্যে গ্রাহকদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
গভর্নর আরও বলেন, দেশে টাকা ছাপাতে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা পুরোপুরি চালু করা গেলে এই অর্থ সাশ্রয় করা সম্ভব। একই সঙ্গে চাঁদাবাজি, জাল নোট ও নগদ টাকা পরিবহনের ঝুঁকিও কমবে।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বলেন, বর্তমানে দেশে প্রায় ২৪ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছেন। প্রতিদিন প্রায় দুই লাখ লেনদেন হচ্ছে। এসব লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।
তিনি বলেন, কর-জিডিপি অনুপাত বাড়াতেও বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আইএফসির প্রতিনিধি হাসান শাহরিয়ারসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ২০ জন নারীসহ প্রায় ১২০ জন বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্ট অংশ নেন। ডিজিটাল লেনদেনের সুবিধা ও বাংলা কিউআরের সঠিক ব্যবহার সম্পর্কে মার্চেন্ট ও সাধারণ গ্রাহকদের সচেতন করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাংলা কিউআরের ব্যবহার পদ্ধতি, সুবিধা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পরে গভর্নর মার্চেন্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মার্চেন্টরা বাংলা কিউআর ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে ক্রস-বর্ডার পেমেন্ট চালু ও লেনদেনের চার্জ কমানোসহ বিভিন্ন বিষয়ে তারা প্রশ্ন করেন। গভর্নর এসব প্রশ্নের উত্তর দেন।![]()