প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেমের সম্পর্কের শুরু বিয়ের অনেক আগে। দীর্ঘদিনের পরিচয়, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর ২০২২ সালের ২৮ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী, মডেল ও ইনফ্লুয়েন্সার শাহতাজ মনিরা হাশেম। চার বছরের দাম্পত্য জীবনের পর এবার সেই সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা নিজেরাই।![]()
রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন প্রীতম। একইসঙ্গে নিজেদের দীর্ঘ পথচলার স্মৃতি, পারস্পরিক সম্মান এবং ভবিষ্যতে আলাদাভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।![]()
প্রীতম লিখেছেন, তিনি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে প্রায় দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ। পরস্পরের প্রতি সম্মান ও শুভকামনাও সবসময় থাকবে।
তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া দুজনের জন্যই ভালো হবে। তাই অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রীতম স্পষ্ট করে জানান, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।![]()
দাম্পত্য সম্পর্কের ইতি টানলেও একে অপরের প্রতি সম্মান অটুট রাখার কথা জানিয়েছেন দুজন। দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়কে ইতিবাচকভাবেই দেখছেন তারা।![]()
পোস্টে প্রীতম আরও বলেন, জীবনের এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তারা আন্তরিকভাবে অনুরোধ করছেন। বিষয়টি যেন তাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন তিনি।![]()
দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালের ২৮ অক্টোবর বিয়ে করেন প্রীতম ও শাহতাজ। বিয়ের আগে থেকেই দেশের বিনোদন অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। বিয়ের পরও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি ও মুহূর্ত ভাগ করে নিয়েছেন তারা।![]()
চার বছরের দাম্পত্য জীবনের পর এবার সেই সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তির পথে হাঁটছেন তারা। তবে বিচ্ছেদের কারণ হিসেবে নির্দিষ্ট কোনো ঘটনা বা ব্যক্তিকে দায়ী না করে পারস্পরিক বোঝাপড়ার পার্থক্যকেই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রীতম।
শেষে দীর্ঘদিন পাশে থাকা দর্শক-শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রীতম বলেন, তাদের প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ।![]()