ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ কার্যক্রমে অংশ নিয়ে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য কেনেন।
এ সময় গভর্নর স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাংলা কিউআর ব্যবহারের পদ্ধতি, নগদবিহীন লেনদেনের সুবিধা ও নিরাপদ ডিজিটাল পেমেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সরকারের ক্যাশলেস লেনদেন উদ্যোগ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বিনামূল্যে ব্যবহারের সুযোগ চালু হওয়ায় এর প্রসার আরো ত্বরান্বিত হচ্ছে। শিগগিরই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে এ লেনদেন ব্যবস্থা ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশে নগদবিহীন লেনদেনের পরিধি বাড়াতে এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক তার ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখা ও প্রায় ৬০ হাজার মার্চেন্ট নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে কাজ করছে।![]()