বিশ্ববাজারে আবারও বাড়ছে কয়লার দাম। বৈশ্বিক চাহিদা বৃদ্ধি এবং সরবরাহে সংকটের আশঙ্কায় চলতি মাসের শেষে প্রতি টন কয়লার দাম প্রায় ১৪০ ডলারে উঠেছে। গত দুই মাসের মধ্যে এটিই সর্বোচ্চ দাম।
বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লা বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বজুড়ে কয়লা ব্যবহার করে প্রায় ১১ হাজার টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হতে পারে। আগামী ২০৩০ সাল পর্যন্ত বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনে কয়লার উল্লেখযোগ্য আধিপত্য বজায় থাকার সম্ভাবনাও রয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন দেশ বিদ্যুৎ উৎপাদনে কয়লার ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে কয়লার চাহিদা বেড়েছে।
অন্যদিকে ভারতের বিদ্যুতের চাহিদাও তীব্র গরমের কারণে বেড়েছে। একই সময়ে অতিবৃষ্টির কারণে দেশটির কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে ভারতের ৪৫টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুদ সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম আরও বাড়ার চাপ তৈরি হয়েছে।![]()