শনিবার, নভেম্বর ২১, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

বিশ্ব টেলিভিশন দিবস: হাতের মুঠোয় টেলিভিশন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, বিনোদন, মতামত
Reading Time: 1 min read
A A
0
রাজু আলীম

আমার দেখা টেলিভিশন ও তার বিবর্তন একটি পথচলা, আধুনকিতা আর প্রযুক্তির মেলবন্ধনের গল্প। যে টেলিভিশন একসময় মানুষকে নির্দিষ্ট সময়ে একটি পর্দার সামনে বসাত, সেই টেলিভিশন এখন মানুষের পকেটে। একসময় সন্ধ্যার সংবাদ কিংবা প্রিয় নাটক দেখার জন্য অপেক্ষা করতে হতো। পরিবারের সবাই একসঙ্গে বসতেন। কখনো প্রতিবেশীরাও জড়ো হতেন একটি টেলিভিশন সেটের সামনে। অনুষ্ঠান শেষ হলে শুরু হতো আলোচনা। পর্দার চরিত্র, সংলাপ, গান কিংবা কোনো সংবাদ মানুষের দৈনন্দিন কথাবার্তার অংশ হয়ে উঠত।
সেই অভিজ্ঞতা এখন অনেকটাই বদলে গেছে। দর্শক আর সম্প্রচারিত অনুষ্ঠানের সময়সূচির কাছে বাঁধা নন। হাতে থাকা স্মার্টফোনেই তিনি সরাসরি টেলিভিশন দেখতে পারেন। দেখতে পারেন পছন্দের নাটকের একটি দৃশ্য, সংবাদ প্রতিবেদন কিংবা আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। কয়েক সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে লাখো মানুষের কাছে। টেলিভিশনের এই রূপান্তর শুধু প্রযুক্তির পরিবর্তন নয়; এটি মানুষের দেখার অভ্যাস, চিন্তা, তথ্য গ্রহণ এবং সমাজের সঙ্গে যোগাযোগের ধরনও বদলে দিয়েছে।
টেলিভিশনের সেই দীর্ঘ যাত্রার শুরুটা ছিল ১৯২৬ সালের ২৬ জানুয়ারি স্কটিশ উদ্ভাবক জন লোগি বেয়ার্ড লন্ডনে চলমান ছবি দেখানোর একটি যন্ত্র প্রকাশ্যে প্রদর্শন করেন। এটি ছিল যান্ত্রিক টেলিভিশন প্রযুক্তির গুরুত্বপূর্ণ সাফল্য। পরবর্তী সময়ে ফিলো টেলর ফার্নসওয়ার্থসহ একাধিক বিজ্ঞানীর গবেষণায় ইলেকট্রনিক টেলিভিশন প্রযুক্তি বিকশিত হয়। ১৯৩৬ সালের ২ নভেম্বর ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) লন্ডনের আলেকজান্দ্রা প্যালেস থেকে বিশ্বের প্রথম নিয়মিত উচ্চ-সংজ্ঞার টেলিভিশন সম্প্রচার শুরু করে। সেখান থেকেই আধুনিক সম্প্রচারমাধ্যম হিসেবে টেলিভিশনের পথচলা নতুন গতি পায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশনের বিস্তার দ্রুত বাড়তে থাকে। সংবাদ, নাটক, সংগীত, খেলাধুলা, চলচ্চিত্র ও শিক্ষামূলক অনুষ্ঠান মানুষের ঘরে পৌঁছাতে শুরু করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে টেলিভিশন ধীরে ধীরে গণমাধ্যমের প্রধান শক্তি হয়ে ওঠে। প্রযুক্তির উন্নতির সঙ্গে ছবি ও শব্দের মান বাড়ে। সাদা-কালো পর্দার জায়গা নেয় রঙিন টেলিভিশন। পরে স্যাটেলাইট প্রযুক্তি বিশ্বের এক প্রান্তের অনুষ্ঠান অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে।
উপমহাদেশে টেলিভিশনের যাত্রা শুরু হয় ভারতে। ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর দিল্লিতে অল ইন্ডিয়া রেডিওর অধীনে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। ইউনেসকোর সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি। ১৯৬৫ সালে নিয়মিত সম্প্রচার শুরু হয়। পরে মুম্বাই, কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন শহরে টেলিভিশন সম্প্রসারিত হয়। পাকিস্তানেও টেলিভিশন সম্প্রচার শুরু হয় ১৯৬৪ সালে। ২৬ নভেম্বর লাহোরে প্রথম সম্প্রচারের পর ২৫ ডিসেম্বর ঢাকায় চালু হয় পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার।
বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসের শুরুটা তাই আমাদের জাতীয় ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের প্রথম তলার দুটি কক্ষে শুরু হয়েছিল টেলিভিশনের সম্প্রচার। দিনে প্রায় তিন ঘণ্টা অনুষ্ঠান প্রচার হতো। সীমিত যন্ত্রপাতি, ছোট স্টুডিও এবং অল্পসংখ্যক কর্মী নিয়ে চলত আয়োজন। অনেক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হতো। ফলে একটি সংলাপ ভুল বলা কিংবা একটি গানের সুরে সামান্য বিচ্যুতিও তখন বড় ঘটনা হয়ে উঠতে পারত।
১৯৬৭ সালে এটি পাকিস্তান টেলিভিশন করপোরেশনের অধীনে আসে। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তৎকালীন পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের নাম পরিবর্তন করে রাখা হয় ‘ঢাকা টেলিভিশন’। বাঙালি শিল্পী ও কলাকুশলীরা ঘোষণা দেন, দেশের মানুষের মুক্তির সংগ্রাম চলাকালে পাকিস্তানের পক্ষে কোনো অনুষ্ঠানে তাঁরা অংশ নেবেন না। ২৩ মার্চ পাকিস্তান দিবসে পাকিস্তানের পতাকা ও জাতীয় সংগীত প্রচার না করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন এবং ‘আমার সোনার বাংলা’ প্রচারের মধ্য দিয়ে কেন্দ্রটি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ জানায়। ২৪ মার্চ সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে সম্প্রচার বন্ধ রাখা হয়; মুক্তিযুদ্ধের সময় বাঙালি কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীদের এই অবস্থান বাংলাদেশের স্বাধীনতার পক্ষে টেলিভিশনের ইতিহাসে এক অনন্য সাংস্কৃতিক প্রতিরোধ হয়ে আছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে ডিআইটির সীমিত পরিসর ছেড়ে বিটিভি রামপুরার নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়। ৬ মার্চ নতুন ভবন থেকে নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু হয়। ডিআইটির দুটি কক্ষ থেকে রামপুরার স্টুডিও ভবনে এই যাত্রা ছিল অবকাঠামোগত উন্নয়নের বড় পদক্ষেপ। সম্প্রচার ও অনুষ্ঠান নির্মাণের পরিসর বাড়ে। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে রঙিন সম্প্রচার শুরু হয়। এর মধ্য দিয়ে দর্শকের দেখার অভিজ্ঞতায় আসে নতুন মাত্রা।

বিটিভির হাত ধরেই বাংলাদেশের টেলিভিশন নাটক, সংগীত, ম্যাগাজিন অনুষ্ঠান, সংবাদ, কৃষি অনুষ্ঠান ও শিশুতোষ আয়োজনের শক্ত ভিত্তি তৈরি হয়। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ও ‘সংশপ্তক’-এর মতো নাটক দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। ‘ইত্যাদি’, ‘আনন্দমেলা’, ‘নতুন কুঁড়ি’ এবং ‘মাটি ও মানুষ’-এর মতো অনুষ্ঠান ভিন্ন ভিন্ন প্রজন্মের দর্শককে টেলিভিশনের সঙ্গে যুক্ত রেখেছে। অনেক শিল্পী, নির্মাতা, উপস্থাপক ও সাংবাদিকের পেশাগত পরিচিতি গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানের হাত ধরে।
তবে নব্বইয়ের দশকে এসে বাংলাদেশের টেলিভিশন জগতে প্রতিযোগিতার নতুন অধ্যায় শুরু হয়। স্যাটেলাইট ও কেবল প্রযুক্তির বিস্তারে দর্শক বিদেশি চ্যানেল দেখার সুযোগ পান। ১৯৯৭ সালে এটিএন বাংলা স্যাটেলাইট সম্প্রচার শুরু করে। এরপর ১৯৯৯ সালের ১ অক্টোবর দেশের প্রথম ডিজিটাল বাংলা স্যাটেলাইট চ্যানেল হিসেবে চ্যানেল আইয়ের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশের সম্প্রচার ইতিহাসে নতুন দিগন্ত খুলে দেয়। চ্যানেলটির নিজস্ব ইতিহাসে ১৯৯৭ সালের ১ জুন থেকে এর প্রাথমিক সম্প্রচারের কথাও উল্লেখ রয়েছে। ২০০০ সালে একুশে টেলিভিশনের আবির্ভাব বেসরকারি সম্প্রচারে আরও বড় পরিবর্তন আনে।
বেসরকারি টেলিভিশনের আগমন দর্শকের সামনে বিকল্প তৈরি করে। সংবাদ পরিবেশনায় গতি আসে। অনুষ্ঠানের ধরন ও উপস্থাপনায় বৈচিত্র্য বাড়ে। দর্শকের পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন নতুন অনুষ্ঠান নির্মাণ শুরু হয়। টেলিভিশন শুধু রাষ্ট্রীয় সম্প্রচারের বিষয় থাকেনি; এটি সৃজনশীল শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অনুষ্ঠান নির্মাণের বড় ক্ষেত্র হয়ে ওঠে।

এই পরিবর্তনের মধ্যে চ্যানেল আইয়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে চ্যানেলটি শুরু থেকেই সংবাদ ও বিনোদনকে একই সম্প্রচার কাঠামোয় গুরুত্ব দিয়েছে। প্রথম দিকে দিনে ১২ ঘণ্টা ধারণকৃত অনুষ্ঠান প্রচার করলেও দুই বছরের মধ্যে ২৪ ঘণ্টার সম্প্রচারে যায়। দেশের প্রথম ডিজিটাল সম্প্রচার প্রযুক্তির পাশাপাশি অনুষ্ঠান পরিকল্পনা, নির্মাণের মান এবং দর্শকের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে চ্যানেলটি নিজস্ব অবস্থান তৈরি করে।
চ্যানেল আই বাংলাদেশের টেলিভিশনে বেশ কিছু নতুন ধারা যুক্ত করেছে। সংবাদে সরাসরি সম্প্রচার, বিদেশে নিজস্ব সংবাদকর্মীর মাধ্যমে প্রতিবেদন, প্রত্যন্ত অঞ্চলের খবর নিয়ে ‘জনপদের সংবাদ’ এবং জাতীয় সংবাদের সঙ্গে কৃষকের জীবন ও কৃষির খবর যুক্ত করা ছিল গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০০৭ সাল থেকে সংবাদ বুলেটিনে কৃষি সংবাদ যুক্ত হওয়া একটি উল্লেখযোগ্য সংযোজন। কৃষিকে শুধু অর্থনীতির পরিসংখ্যান হিসেবে নয়, মানুষের জীবন ও জীবিকার বাস্তবতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে চ্যানেলটি। শাইখ সিরাজের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ এই ধারাকে আরও জনপ্রিয় করেছে।

আলোচনামূলক অনুষ্ঠানেও নতুন মাত্রা যোগ করেছে চ্যানেল আই। জিল্লুর রহমানের ‘তৃতীয় মাত্রা’ ভিন্ন রাজনৈতিক মত ও অবস্থানের মানুষকে একই টেবিলে এনে আলোচনার সংস্কৃতিতে নতুন জায়গা তৈরি করে। ‘তারকা কথন’-এর মতো অনুষ্ঠানে দর্শক সরাসরি টেলিফোনে প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে ‘ক্ষুদে গানরাজ’, ‘বাংলার গান’, ‘বাংলাবিদ’, ‘স্পেলিং বি’ ও ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মতো আয়োজন প্রতিভা খুঁজে বের করে নতুন শিল্পী ও ব্যক্তিত্বকে পরিচিত করেছে। চলচ্চিত্র প্রযোজনা, সংগীত পুরস্কার, তথ্যচিত্র, নাটক, টেলিফিল্ম ও শিশুতোষ অনুষ্ঠানেও চ্যানেল আইয়ের অবদান রয়েছে। ২০১৭ সালে হাই ডেফিনিশন সম্প্রচারে যুক্ত হওয়াও প্রযুক্তিগত অগ্রগতির একটি ধাপ।
আমার নিজের অনুষ্ঠান নির্মাণের অভিজ্ঞতাও এই বিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে। বিটিভিতে ‘শিল্পকথা’ পরিকল্পনা ও উপস্থাপনার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনের নানা বিষয় তুলে ধরেছি। ‘তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রযুক্তির পরিবর্তন, উদ্যোক্তা এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনাকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। চ্যানেল আইয়ে ‘তারকা কথন’-এর প্রযোজনার দায়িত্ব পালন করেছি। ‘টু দ্য পয়েন্ট’ পরিচালনার অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে, একটি আলোচনামূলক অনুষ্ঠানও জনমত তৈরিতে কতটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে বিচারপতি মানিককে ঘিরে অনুষ্ঠানের একটি পর্ব দর্শকের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল। আমার কাছে সেটি টেলিভিশনের জনসম্পৃক্ত শক্তির একটি স্মরণীয় দৃষ্টান্ত। চ্যানেল আইয়ে ‘শিল্পলোক’, ‘খোলা আকাশ’সহ গোলটেবিল আলোচনা এবং অসংখ্য নাটক ও টেলিফিল্ম নির্মাণের কাজ করেছি। এসব অভিজ্ঞতা থেকে বুঝেছি, একটি ভালো অনুষ্ঠানের প্রাণ তার বিষয় নির্বাচন, উপস্থাপনা, নির্মাণের সততা এবং দর্শকের সঙ্গে সংযোগ।
এরপর টেলিভিশনের বিবর্তনে আসে আরেকটি বড় বাঁক—ডিজিটাল মাধ্যম। ইন্টারনেটের বিস্তার টেলিভিশনের প্রচলিত সম্প্রচার ধারণাকে বদলে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশনও ২০১৩ সালে ওয়েব টিভি ও আইপিটিভিতে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। ২০১৪ সালে মোবাইল টিভি সম্প্রচার চালু হয়। বেসরকারি চ্যানেলগুলোও নিজেদের ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি অনুষ্ঠান, সংবাদ ও ভিডিও প্রকাশ করতে থাকে। ফলে টেলিভিশন আর শুধু একটি যন্ত্রের নাম নয়; এটি এখন একটি বহুমাধ্যমভিত্তিক যোগাযোগব্যবস্থা।

সম্পর্কিত

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ একজন দর্শক বাসে, ট্রেনে, অফিসে কিংবা ঘরে বসে মোবাইল ফোনে সরাসরি টেলিভিশন দেখতে পারেন। কোনো অনুষ্ঠান পুরোটা দেখার সময় না থাকলে তার গুরুত্বপূর্ণ অংশ বা ক্লিপ দেখেন। কোনো সংবাদ সম্প্রচারের কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশ-বিদেশের ঘটনাবলি মুহূর্তে মানুষের কাছে পৌঁছে যায়। দর্শক এখন শুধু তথ্য গ্রহণ করেন না; মন্তব্য করেন, প্রশ্ন তোলেন, ভিডিও শেয়ার করেন এবং অনেক সময় নিজেরাও তথ্য ও দৃশ্যের উৎস হয়ে ওঠেন।

এই অবাধ তথ্যপ্রবাহ নতুন সম্ভাবনার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। একটি ভিডিওর কয়েক সেকেন্ডের অংশ মূল বক্তব্য থেকে বিচ্ছিন্ন হয়ে ভুল অর্থ তৈরি করতে পারে। যাচাই না করা সংবাদ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ভুয়া তথ্য, সম্পাদিত ভিডিও ও বিভ্রান্তিকর শিরোনাম মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাই ডিজিটাল যুগে টেলিভিশনের বিশ্বাসযোগ্যতা আরও গুরুত্বপূর্ণ। দ্রুত সংবাদ দেওয়ার প্রতিযোগিতার পাশাপাশি তথ্য যাচাই, প্রেক্ষাপট ব্যাখ্যা এবং দায়িত্বশীল উপস্থাপনা নিশ্চিত করতে হবে।
আগামী দিনের টেলিভিশন হয়তো আরও বেশি ব্যক্তিকেন্দ্রিক হবে। দর্শক নিজের পছন্দ অনুযায়ী অনুষ্ঠান বেছে নেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত ক্যামেরা প্রযুক্তি, সরাসরি সম্প্রচার এবং ভিডিওভিত্তিক নতুন মাধ্যম অনুষ্ঠান নির্মাণকে আরও বদলে দেবে। কিন্তু এসব পরিবর্তনের মধ্যেও ভালো গল্প, নির্ভরযোগ্য সংবাদ, সৃজনশীল উপস্থাপনা এবং মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়ই টেলিভিশনের শক্তি হয়ে থাকবে।

ডিআইটি ভবনের দুটি কক্ষ থেকে রামপুরা, বিটিভি থেকে বেসরকারি চ্যানেল, সাদা-কালো পর্দা থেকে উচ্চ-সংজ্ঞার ছবি, স্যাটেলাইট থেকে স্মার্টফোন—বাংলাদেশের টেলিভিশন পাড়ি দিয়েছে দীর্ঘ পথ। এই যাত্রায় চ্যানেল আইয়ের মতো প্রতিষ্ঠান নতুন অনুষ্ঠান, নতুন নির্মাতা, নতুন দর্শক এবং নতুন প্রযুক্তির সঙ্গে দেশের সম্প্রচারমাধ্যমকে পরিচিত করেছে।
একসময় টেলিভিশনের সামনে মানুষকে যেতে হতো। এখন টেলিভিশন মানুষের কাছে চলে এসেছে। পর্দা ছোট হয়েছে, কিন্তু তথ্যের পৃথিবী অনেক বড় হয়েছে। প্রযুক্তি যতই বদলাক, টেলিভিশনের মূল দায়িত্ব থাকবে মানুষকে সত্য, সৃজনশীলতা ও বিশ্বাসযোগ্য তথ্যের সঙ্গে যুক্ত রাখা। টেলিভিশন এখন সত্যিই হাতের মুঠোয়।

রাজু আলীম
কবি, সাংবাদিক, টেলিভিশন ও চলচ্চিত্র ব্যক্তিত্ব

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

তারেক রহমানের প্রত্যাবর্তন ও বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়
বাংলাদেশ

তারেক রহমানের প্রত্যাবর্তন ও বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়

৩০ ডিসেম্বর ২০২৫
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !
অর্থনীতি

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

২৩ জুলাই ২০২৬

সর্বশেষ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৬
0

0

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৬
0

0

বাঞ্ছারামপুরে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়, শিক্ষার মান উন্নয়নে নানা প্রস্তাব

বাঞ্ছারামপুরে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়, শিক্ষার মান উন্নয়নে নানা প্রস্তাব

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৬
0

0

বিশ্ব টেলিভিশন দিবস: হাতের মুঠোয় টেলিভিশন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.