ক্যাশলেস লেনদেনের প্রসার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ করতে দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এ সেবার মাধ্যমে গ্রাহকরা সমর্থিত মোবাইল ব্যাংকিং অ্যাপ ও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাজমুল হুদা সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা কিউআরের মাধ্যমে দৈনন্দিন কেনাকাটার লেনদেন আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে। একই সঙ্গে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ বাড়বে।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ বলেন, বাংলা কিউআর সেবা চালুর মাধ্যমে গ্রাহক ও মার্চেন্টদের নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে চায় ব্যাংকটি। পাশাপাশি ক্যাশলেস অর্থনীতির পথে দেশের অগ্রযাত্রায় অবদান রাখাও এ উদ্যোগের লক্ষ্য।
তিনি জানান, আরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি দেশব্যাপী কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার সম্প্রসারণে কাজ করবে মিডল্যান্ড ব্যাংক।![]()