ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীনে পরিচালিত এসএএফএন দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ চ্যালেঞ্জ, ভূরাজনীতি ও নীতিনির্ধারণ নিয়ে গবেষণা এবং সংলাপের আয়োজন করে। প্রতিষ্ঠানটি মনে করে, জনসেবা, গণমাধ্যম ও কূটনীতিতে মুশফিকুল ফজল আনসারীর দীর্ঘ অভিজ্ঞতা তাদের গবেষণা ও নীতিবিষয়ক আলোচনাকে সমৃদ্ধ করবে। একই সঙ্গে ওয়াশিংটনে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং বাংলাদেশের গবেষক ও পাঠকদের কাছে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও বিশ্লেষণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্বে আনসারী নীতিবিষয়ক সংলাপ ও গবেষণায় অবদান রাখবেন। পাশাপাশি ওয়াশিংটনে এসএএফএনের যোগাযোগ ও অংশগ্রহণ সম্প্রসারণ এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির গবেষণা ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবেন।
জনসেবা, আন্তর্জাতিক সম্পর্ক ও গণমাধ্যমে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকুল ফজল আনসারী বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হন্ডুরাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সমবর্তী দায়িত্বে ছিলেন।
কূটনীতিতে যোগ দেওয়ার আগে তিনি ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সাউথ এশিয়া পারসপেক্টিভসের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন। হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।
এসএএফএনের উল্লেখযোগ্য অন্য সিনিয়র ফেলোদের মধ্যে রয়েছেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ও নরওয়ের সাবেক পরিবেশমন্ত্রী রাষ্ট্রদূত এরিক সোলহেইম, থাইল্যান্ডের অর্থনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ক্রিয়েংসাক চারোয়েনওংসাক, শ্রীলঙ্কার সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল গগন বুলাথসিংহলা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রীনা মারওয়াহ, পাকিস্তানের প্রতিরক্ষা ও কৌশলগত অধ্যয়নবিষয়ক গবেষক সালমা মালিক, চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝৌ ঝাংগুই, মালদ্বীপের কূটনীতিক রাষ্ট্রদূত ওমর আবদুল রাজ্জাক এবং জলবায়ু ও আন্তঃসীমান্ত নদীবিষয়ক গবেষক উত্তম কুমার সিনহা।
এসএএফএনের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান।