কুড়িগ্রামের রৌমারীতে সার বিতরণে দেরির জেরে এক ডিলারের গুদামে ভাঙচুর ও সার লুটের ঘটনা ঘটেছে। একই দিনে রাজশাহী ও লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এছাড়া মাগুরা ও বগুড়ায় অভিযানে অবৈধভাবে মজুদ রাখা শত শত বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন।
রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে কৃষকেরা গভীর রাত থেকেই ডিলার পয়েন্টে সার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলারের উপস্থিতি না থাকায় ক্ষুব্ধ কৃষকেরা গুদামের টিনের বেড়া ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখান থেকে সারের বস্তা নিয়ে যান বলে স্থানীয়দের অভিযোগ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, কৃষকেরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে সংকট তৈরি হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। ইউএনও মো. মাহবুবুল হাসান জানান, ঘটনাস্থলে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহীর পুঠিয়ায় পর্যাপ্ত ডিএপি সার না পাওয়ার অভিযোগে কৃষকেরা ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। তাদের দাবি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মাত্র ১০ কেজি করে সার দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই কম। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
লালমনিরহাটেও একই দাবিতে রংপুর–কুড়িগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকে। কৃষকেরা পর্যাপ্ত সার সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিত এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রশাসনের আশ্বাসের পর তারা সড়ক ছেড়ে দেন।
এদিকে মাগুরার শ্রীপুরে কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার অবৈধভাবে মজুদের অভিযোগে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। একই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের দোকান থেকে ৭৬ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে।