১৫ দিনেই ২ কোটি ভিউ, নেটফ্লিক্সে শীর্ষে সানি দেওল–অক্ষয় খান্নার ‘ইক্কা’
নেটফ্লিক্সে মুক্তির মাত্র ১৫ দিনের মধ্যেই প্রায় ২ কোটি ভিউ অর্জন করেছে বলিউডের বহুল আলোচিত কোর্টরুম ড্রামা ‘ইক্কা’। ১০ জুলাই মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। বাংলাদেশসহ একাধিক দেশে নেটফ্লিক্সের শীর্ষ ১০ সিনেমার তালিকায় জায়গা করে নেওয়ার পাশাপাশি দীর্ঘ দুই সপ্তাহ ধরে বাংলাদেশের তালিকার শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিনেমাটি।
‘মহারাজ’-এর সাফল্যের পর পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার নতুন নির্মাণ হিসেবে ‘ইক্কা’ নিয়ে আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এর অন্যতম কারণ ছিল প্রায় তিন দশক পর সানি দেওল ও অক্ষয় খান্নার একসঙ্গে পর্দায় ফেরা। আদালতকেন্দ্রিক রহস্যঘেরা কাহিনি, তারকাবহুল অভিনয়শিল্পী এবং আকর্ষণীয় ট্রেলার মুক্তির আগেই ছবিটিকে আলোচনায় নিয়ে আসে।
দুই ঘণ্টা ৩৪ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটিতে সানি দেওল ও অক্ষয় খান্নার পাশাপাশি অভিনয় করেছেন তিলোত্তমা সোম, দিয়া মির্জা, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর ও সানজিদা শেখ। চিত্রনাট্য লিখেছেন আলথিয়া কৌশল ও ময়ঙ্ক তিওয়ারি।
সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্জুন মেহরা, যিনি একজন নীতিবান ও খ্যাতিমান আইনজীবী। আদালতে কঠিন মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতার কারণে তিনি ‘ইক্কা’ নামে পরিচিত। তিনি কেবল নির্দোষ মানুষের পক্ষেই মামলা লড়েন। কিন্তু এক পর্যায়ে ব্যক্তিগত সংকটের মুখে নিজের আদর্শের সঙ্গে আপস করে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি শৌর্যমান গৌরের পক্ষে আদালতে দাঁড়াতে বাধ্য হন। এরপর আদালতের আইনি লড়াই, রহস্য, নৈতিক সংকট এবং ক্ষমতার রাজনীতি ঘিরেই এগিয়ে যায় ছবির কাহিনি।![]()
সিনেমাটির সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে সানি দেওল ও অক্ষয় খান্নার অভিনয়। দীর্ঘদিন পর আদালতকেন্দ্রিক চরিত্রে ফিরে সানি দেওল সংযত অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে রহস্যময় ও প্রভাবশালী শৌর্যমান গৌর চরিত্রে অক্ষয় খান্না চোখের ভাষা ও শরীরী অভিব্যক্তির মাধ্যমে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। সরকারি কৌঁসুলি হিসেবে তিলোত্তমা সোমও প্রশংসিত হয়েছেন।
সমালোচকদের মতে, সিনেমার প্রথমার্ধ টানটান উত্তেজনা ধরে রাখতে সক্ষম হলেও দ্বিতীয়ার্ধে চিত্রনাট্য কিছুটা দুর্বল হয়ে পড়ে। আদালতের যুক্তি ও প্রমাণভিত্তিক লড়াইয়ের পরিবর্তে আবেগনির্ভর ও পরিচিত বলিউডি উপস্থাপনা প্রাধান্য পাওয়ায় সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারেনি ছবিটি। তবু রহস্য, আদালতের নাটকীয় পরিবেশ এবং দুই তারকার অভিনয় দর্শকদের আগ্রহ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মুক্তির মাত্র ১৫ দিনের মধ্যে প্রায় ২ কোটি ভিউ অর্জনের মাধ্যমে ‘ইক্কা’ চলতি বছরের আলোচিত ওটিটি সিনেমাগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। দর্শকপ্রিয়তার পাশাপাশি নেটফ্লিক্সের বিভিন্ন দেশের ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়ে ছবিটি প্রমাণ করেছে, শক্তিশালী তারকাবহর ও আকর্ষণীয় কাহিনি এখনো ওটিটি দর্শকদের কাছে বড় আকর্ষণ।