আগামী ২০২৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক প্রাথমিক নিবন্ধিত যাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার শেষ সময়সীমা আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত এই সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকা’-এর ৫(৬) ধারা অনুযায়ী প্রাথমিকভাবে নিবন্ধিত সকল হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই প্যাকেজের বকেয়া অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে।
এ অবস্থায় সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনার আওতায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের যেকোনো ধরনের জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।