রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়াকে সহজ ও সময়সীমাবদ্ধ করতে ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে অযৌক্তিকভাবে ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রবণতা রোধে নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বৈঠকে সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ মজিবুর রহমান বলেন, বর্তমানে রাজউকের নকশা অনুমোদনের জন্য আবেদনকারীদের ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ একাধিক দপ্তরে যেতে হয়, যা দীর্ঘসূত্রতা ও জনভোগান্তির কারণ। এ সমস্যা দূর করতে একটি নির্দিষ্ট স্থান থেকে আবেদন গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি জানান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং রাজউকের চেয়ারম্যান এ উদ্যোগে সম্মতি দিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি বলেন, স্থায়ী কমিটি নিয়মিত প্রকল্প পরিদর্শন ও পর্যবেক্ষণের মাধ্যমে ব্যয় ও মেয়াদ বৃদ্ধির যৌক্তিকতা যাচাই করবে। কোনো অনিয়ম, অস্বচ্ছতা বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযথা প্রকল্পের সময় বাড়ানোর সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আবাসন খাতের বিষয়ে শেখ মজিবুর রহমান বলেন, ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) সংক্রান্ত জটিলতা এবং গৃহায়ন বিধিমালার অভাবে অনেক আবাসন প্রকল্প বাস্তবায়নে বাধা তৈরি হয়েছে। বিষয়টি বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ড্যাপ বিধিমালা ও নগর গৃহায়ন বিধিমালা প্রণয়নের কাজ চলছে এবং আগামী সভার আগেই তা অনুমোদনের চেষ্টা করা হবে।
বৈঠকে অপরিকল্পিত নগরায়ণ নিয়েও আলোচনা হয়। নিয়ম মেনে নির্মিত হলেও যেসব ভবনের নকশা অনুমোদন নেওয়া হয়নি, সেগুলোকে রাজউকের বিধি অনুযায়ী নির্ধারিত জরিমানা বা শাস্তির আওতায় এনে বৈধ করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
কমিটির সদস্য বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমানো, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই স্থায়ী কমিটির প্রধান লক্ষ্য। মন্ত্রণালয়ও এ উদ্যোগগুলোর সঙ্গে একমত হয়েছে বলে তিনি জানান।![]()