চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশে উন্নয়ন সহযোগী সংস্থা ও বিভিন্ন দেশ থেকে বিদেশি ঋণ এসেছে ২৯ কোটি ৪৫ লাখ ডলার। একই সময়ে আগের নেওয়া ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ডলার, যা ঋণ ছাড়ের তুলনায় প্রায় ২৩৭ শতাংশ বেশি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) রোববার প্রকাশিত জুলাই–আগস্টের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইআরডির তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ ছাড় হয়েছিল ৭৫ কোটি ডলার। সে তুলনায় এবার ঋণপ্রবাহ নেমে এসেছে প্রায় ৪০ শতাংশে। এ সময়ের পুরো ঋণই প্রকল্প ঋণ হিসেবে এসেছে।
দাতা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১২ কোটি ৮৭ লাখ ডলার দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশ্বব্যাংক দিয়েছে ৭ কোটি ৩৯ লাখ ডলার এবং জাপান দিয়েছে প্রায় ৪ কোটি ডলার।
অন্যদিকে জুলাই–আগস্টে বিদেশি ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ডলার এবং সুদ বাবদ ১৮ কোটি ২৮ লাখ ডলারের বেশি। ফলে মোট পরিশোধ দাঁড়িয়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল প্রায় ৬৭ কোটি ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে ২৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের সমান।![]()