প্রাইম ব্যাংককে ২ কোটি ইউরোর ঋণ দিচ্ছে অস্ট্রিয়ার উন্নয়ন ব্যাংক ওইইবি। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) অর্থায়ন বাড়াতে এ মেয়াদি ঋণ ব্যবহার করবে ব্যাংকটি।
এ চুক্তির আওতায় পাওয়া অর্থ যোগ্য এমএসএমই প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ ও চলতি মূলধনের প্রয়োজন মেটাতে পুনঃঅর্থায়ন করা হবে। এর মাধ্যমে ছোট ও মাঝারি ব্যবসার জন্য প্রাইম ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং ওইইবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার ইলকা ফোগেল চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিনও উপস্থিত ছিলেন।
ওইইবি জানায়, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘমেয়াদি অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে তাদের এখনো সীমাবদ্ধতা রয়েছে। প্রাইম ব্যাংকের জন্য দেওয়া ২ কোটি ইউরোর এই ক্রেডিট লাইন ব্যাংকটির এসএমই ঋণপোর্টফোলিও সম্প্রসারণ এবং ব্যবসাগুলোর কাছে মূলধনের সুযোগ বাড়াতে সহায়তা করবে।
অস্ট্রিয়ার উন্নয়ন ব্যাংক হিসেবে ওইইবি উন্নয়নশীল ও উদীয়মান বাজারে টেকসই ও প্রভাবশালী বিনিয়োগে অর্থায়ন করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রাইম ব্যাংকের সঙ্গে ২০২৬ সালের জুনে ২ কোটি ইউরোর এ ক্রেডিট লাইন চুক্তি সই হয়।
প্রাইম ব্যাংক জানিয়েছে, প্রচলিত ও ইসলামী ব্যাংকিং—দুই ধরনের আর্থিক সেবার মাধ্যমে বিভিন্ন আকারের ব্যবসায়ীদের অর্থায়ন করে আসছে তারা। নতুন এ ঋণসুবিধা এমএসএমই খাতের পরিবর্তিত অর্থায়ন চাহিদা পূরণে ব্যাংকের সক্ষমতা বাড়াবে এবং দেশের বেসরকারি খাতের টেকসই বিকাশে ভূমিকা রাখবে।![]()