রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমার সরকারকে আদালতের এই রায় দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিজের এই রায় একটি যুগান্তকারী ঘটনা। এই প্রথম আন্তর্জাতিক আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল। ঐতিহাসিক এই রায়ে আদালত নিশ্চিত করেছেন যে, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে। জেনোসাইড কনভেনশনের অধীনে মিয়ানমার তার আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলেও আদালত রায় দিয়েছেন।
আদালত মিয়ানমারকে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—আইন প্রণয়নের মাধ্যমে চলমান সহিংসতা বন্ধ করা, গণহত্যায় জড়িত সন্দেহভাজনদের তদন্ত ও বিচার করা, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রদান করা। এছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতে একটি দীর্ঘ প্রতীক্ষিত মাইলফলক। আইনি বাধ্যবাধকতা থাকায় মিয়ানমারকে এই রায় সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। বাংলাদেশ বিশ্বাস করে, মাতৃভূমি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান এবং এই রায় সে ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।
দীর্ঘ সাত বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য গাম্বিয়া এবং তাদের সমর্থনকারী অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-কে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এই মামলায় সমর্থন জোগানো কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসসহ ১১টি সদস্য রাষ্ট্রের ভূমিকারও প্রশংসা করা হয়েছে।
রায়ের পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা করে প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

