ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা হক, ছেলে ইবিএলের বর্তমান চেয়ারম্যান আনিস আহমেদ ও মেয়ে আনিলা হকসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এম গাজিউল হক সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৩ সালে তিনি ইবিএলের পরিচালনা পর্ষদে যোগ দেন। পরবর্তী সময়ে দুই মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এম গাজিউল হক। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। পরে প্রতিষ্ঠানটির রূপান্তরের মাধ্যমে বার্ডস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়।![]()