দেশের প্রতিটি নাগরিক যাতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বৈষম্যমুক্ত পরিবেশে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।
বুধবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে মন্ত্রী বাংলাদেশ ও পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ফ্রান্সের বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, কৃষি, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।![]()
পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সাচিং প্রু বলেন, মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিক্ষার মানোন্নয়ন এবং সামগ্রিক জীবনযাত্রার উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি খাতেও পরিবর্তন আনতে কফি ও কাজুবাদাম চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে পাহাড়ে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম, শান্তি ও শৃঙ্খলা রক্ষা, সুষম উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ এবং মানবাধিকার সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাটাচে এমিলি পালাহুন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।![]()