রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড কারখানা জিতেছে স্থাপত্যের মর্যাদাপূর্ণ রিবা আন্তর্জাতিক পুরস্কার ২০২৬। যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) এ পুরস্কার ঘোষণা করেছে। বিচারকরা কারখানাটিকে ‘নীরব নম্রতার এক নিদর্শন’ হিসেবে অভিহিত করেছেন।
বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টসের নকশায় নির্মিত সাততলা কারখানাটি গালিচা ও বস্ত্র উৎপাদনে ব্যবহৃত হয়। এর প্রধান স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার। ভবনটির নকশায় পরিবেশবান্ধব নির্মাণ, কর্মীদের সুস্থতা এবং সামাজিক যোগাযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে।![]()
রিবার ওয়েবসাইটে বলা হয়েছে, কারখানাটি কেবল উৎপাদনকেন্দ্র নয়; কর্মীদের সুযোগ-সুবিধা ও সুস্থতার জন্য প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন দিক কাজে লাগানো হয়েছে। দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে উৎপাদনশিল্পের স্থাপত্যের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার দৃষ্টান্ত হয়ে উঠেছে এটি।![]()
বাংলার ঐতিহ্যবাহী বসতবাড়ির আদলে কারখানাটিতে খোলা উঠান, প্রশস্ত বারান্দা, বাগান ও সবুজে ঘেরা সম্মুখভাগ রাখা হয়েছে। প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং প্রাকৃতিক উপায়ে ভবন ঠাণ্ডা রাখার ব্যবস্থাও রয়েছে। এসব উদ্যোগ প্রচলিত শিল্পকারখানার কর্মপরিবেশের ধারণা থেকে বেরিয়ে আসার উদাহরণ তৈরি করেছে।![]()
কারুপণ্য রংপুর লিমিটেড শতভাগ রফতানিমুখী প্রতিষ্ঠান। উদ্যোক্তা সফিকুল আলম সেলিমের এ কারখানায় প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন, যাদের অধিকাংশই নারী। রিবার মতে, কারখানাটির নকশা কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির পাশাপাশি শিল্প স্থাপনায় সমাজ ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রাখার সম্ভাবনা দেখিয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো স্থাপনা রিবা আন্তর্জাতিক পুরস্কার পেল। এর আগে ২০১৬ সালে সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল এ স্বীকৃতি অর্জন করে। হাসপাতালটির নকশা করেছিলেন স্থপতি কাশেফ চৌধুরীর প্রতিষ্ঠান আরবানা।![]()