টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আলোচনার একপর্যায়ে তাকে ‘ফালতু লোক’ বলে সম্বোধন করেন সহ-আলোচক ড. আব্দুল মান্নান। এ মন্তব্য প্রত্যাহারের দাবি জানালেও তিনি রাজি না হওয়ায় অনুষ্ঠান ত্যাগ করেন রাশেদ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টকশোতে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও ড. আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ড. মান্নানের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রাশেদ।
তিনি বলেন, জাতীয় গণমাধ্যমের সরাসরি সম্প্রচারে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। তাৎক্ষণিকভাবে মন্তব্য প্রত্যাহার ও উপযুক্ত প্রতিকার দাবি করেন তিনি।
নিজের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তাকে কারাবরণ করতে হয়েছে। শেখ হাসিনার শাসনামলে দায়ের করা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকারও হয়েছেন। এত প্রতিকূলতার মধ্য দিয়ে আসার পর আত্মসম্মান বিসর্জন দিয়ে টকশোতে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়।
পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মানিক গণমাধ্যমে এমন ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি অনুষ্ঠানের পক্ষ থেকে ওই বক্তব্য প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদকে আলোচনায় থাকার অনুরোধ জানান।
তবে রাশেদ খাঁন জানান, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে। এ বিষয়ে ড. আব্দুল মান্নান সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বেরিয়ে যাওয়ার আগে সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন রাশেদ।![]()