দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় সব ধরনের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৬৫ টাকা। এতে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ৯৩৩ টাকা কমে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ৭০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম প্রকাশ করা হয়।
বাজুস জানিয়েছে, ঘোষিত স্বর্ণের দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।![]()