কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন। এর আগে তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, জাহাংগীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুমোদন শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যায়। মামলা দায়েরের পরপরই তাকে অফিসার্স মেস থেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহাংগীর আলমের মোবাইল ফোন থেকে পাঠানো কয়েকটি বার্তায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। এর একটি বার্তায় লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়।
ঘটনাটি তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিউল ইসলাম। অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তের পাশাপাশি দায়ের করা মামলাটি এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করতে পারে।
জাহাংগীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।![]()