চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের ঘাড়ে চেপেছে প্রায় ২৩ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল সরকারি ঋণের বোঝা। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দেশের অর্থনীতির এই হালনাগাদ চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ঋণের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মোট ঋণের মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া হয়েছে ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক ঋণের পরিমাণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। এই বিপুল পরিমাণ ঋণের কিস্তি (আসল ও সুদ) মেটাতেই চলতি অর্থবছরে সরকারের বাজেট থেকে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সরকার ২ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের বিদেশি ঋণ সফলভাবে পরিশোধ করেছে।
বর্তমানে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিদেশি অর্থায়নের প্রকল্পগুলো বাছাই করা হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদ এবং কঠিন শর্তযুক্ত স্বল্পমেয়াদি বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রে সরকার এখন চরম সতর্কতা অবলম্বন করছে।
এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্বীকার করেন, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বিদেশি অর্থ বা সহায়তা ছাড় প্রায় ৬০ শতাংশ কমে গেছে।
এই বিশাল পতনের মূল কারণ হিসেবে তিনি টানা প্রায় দুই বছরের অভ্যন্তরীণ অস্থিরতা এবং বৈশ্বিক বৈরী পরিস্থিতিকে দায়ী করেন। এসব কারণে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে অর্থ ছাড়ে।
প্রকল্প বাস্তবায়নের স্থবিরতা কাটাতে এবং বিদেশি অর্থ ছাড়ের প্রবাহ বাড়াতে এরই মধ্যে নড়েচড়ে বসেছে সরকার। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের কাজের গতি বাড়াতে তাগিদ দেয়ার পাশাপাশি এসবের অগ্রগতি নিয়মিত তদারকি ও তথ্য সংগ্রহের জন্য নতুন কাঠামো গড়ে তোলা হয়েছে বলে সংসদকে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।