বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাবেন, এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই। বিশেষ করে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের পাসপোর্ট দিতে সরকার কোনোভাবেই বাধ্য নয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নাগরিকত্ব থাকলেই স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে এরই মধ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী হিসেবে সরকার তাকে পাসপোর্ট দিতে বাধ্য নয়।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক তৎপরতা সম্পর্কে শামা ওবায়েদ বলেন, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনতে আমরা ভারতের কাছে বারবার কূটনৈতিক চ্যানেলে অনুরোধ জানিয়েছি। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরই মধ্যে একাধিক চিঠি পাঠানো হয়েছে।” বিষয়টি বর্তমানে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিবিড় পর্যালোচনায় রয়েছে বলেও জানান তিনি।
শেখ হাসিনাকে ‘ট্রাভেল পাস’ বা বিকল্প কোনো উপায়ে ফেরানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পাল্টা প্রশ্ন রেখে বলেন, “বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও কেন তা ব্যবহার করা হবে না? ভারত কেন এই চুক্তির সুযোগ নেবে না?” তিনি জোর দিয়ে বলেন, এই চুক্তির যথাযথ প্রয়োগ হলে ভারতে অবস্থানরত যেকোনো দণ্ডিত বা ফৌজদারি মামলায় অভিযুক্ত বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে আনা আইনিভাবেই সহজতর হবে।
শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত আপিলের সুযোগ বা নতুন করে বিচারের মতো কোনো শর্ত জুড়ে দিয়েছে কি না—এমন গুঞ্জন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, বাংলাদেশ ভারতের কাছ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা বা প্রস্তাব পায়নি। এ ধরনের খবরের সত্যতা নাকচ করে তিনি বলেন, “এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের কোনো ধরনের আলোচনাই হয়নি।”