করপোরেট সুশাসন চর্চায় অসাধারণ উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’ অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্যাংকটিকে মর্যাদাপূর্ণ ব্রোঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং কোম্পানি সচিব মো. আনিসুর রহমানের হাতে এই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আইসিএসবি সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
এছাড়া এই আনন্দঘন মুহূর্তে পূবালী ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং মো. আশরাফ-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। করপোরেট সুশাসনের এই স্বীকৃতি পূবালী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবার প্রতি তাদের নিরলস প্রতিশ্রুতিরই একটি উজ্জ্বল প্রতিফলন।