দেশের অর্থনীতি বর্তমানে একটি কঠিন সমন্বয় প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও এর অন্তর্নিহিত শক্তিগুলো যথেষ্ট সুদৃঢ় বলে মন্তব্য করেছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন। তিনি বলেন, “ব্যাংকগুলোতে এখন ঋণ প্রবৃদ্ধি কিছুটা ধীর হলেও জোর করে এটি বাড়ানোর প্রয়োজন নেই। বরং ঋণ যেন সঠিক ও উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করাই এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” বণিক বার্তা আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাসরুর আরেফিন দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরে বলেন, “আমাদের বহিঃখাত বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। দুই বছর আগে অর্থাৎ ২০২৪ সালের নভেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। বর্তমানে বিপিএম-৬ পদ্ধতিতে তা বেড়ে ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিনিময় হারও এখন অনেকটাই স্থিতিশীল।”
রেমিট্যান্স প্রবাহকে অর্থনীতির অন্যতম বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যার পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন ডলার। তবে তিনি সতর্ক করে বলেন, “রেমিট্যান্স কখনোই রফতানি আয়ের বিকল্প হতে পারে না, তাই রফতানি আয় বাড়াতে হবে।”
রফতানি খাতের নেতিবাচক প্রবৃদ্ধি কাটিয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রফতানিতে প্রায় ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। দীর্ঘদিন পর তৈরি পোশাকের বাইরেও রাসায়নিক পণ্যে ২৭ শতাংশ, পাটজাত পণ্যে ২৫, এবং চামড়া ও প্রকৌশল পণ্যে ১৩ শতাংশ করে প্রবৃদ্ধি দেখা গেছে। রফতানির বহুমুখীকরণ অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থায়িত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জিডিপি প্রবৃদ্ধিও ৩ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে উন্নীত হয়েছে বলে জানান এবিবি চেয়ারম্যান। মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, ৫৪ মাসের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি সর্বনিম্ন ৬ দশমিক ৪০ শতাংশে নেমে এসেছে। তবে জ্বালানি তেল আমদানির ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে থাকায় এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি।
খেলাপি ঋণের উচ্চ হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাসরুর আরেফিন বলেন, “খেলাপি ঋণ কমানো এবং ব্যাংক পরিচালনায় সুশাসন নিশ্চিত করা জরুরি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।”
তিনি ব্যাংকগুলোকে শুধু বড় করপোরেট ঋণের ওপর নির্ভর না করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), খুচরা ঋণ এবং ভোক্তা অর্থায়নে জোর দেয়ার আহ্বান জানান। তরুণ উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, “এতে এরই মধ্যে প্রায় ২২ হাজার আবেদন জমা পড়েছে। দেশের ব্যাংকিং ব্যবস্থায় থাকা বিপুল পরিমাণ নগদ অর্থকে (প্রায় ১ দশমিক ৮৭ ট্রিলিয়ন টাকা) আনুষ্ঠানিক অর্থনীতিতে যুক্ত করতে কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে হবে।”
পরিশেষে তিনি বলেন, “বর্তমানে ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্যের পরিমাণ প্রায় ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা। এই তারল্য সঠিক ও উৎপাদনশীল খাতে প্রবাহিত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”