দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখাসমূহে ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এই উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন রেখেছে—দরিদ্র মানুষের ব্যাংকে আগুন কেন এবং কার স্বার্থে এই ধ্বংসযজ্ঞ?
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ থেকে ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের মোট ২০টি শাখায় অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় উলপুর গোপালগঞ্জ শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে হার্ডডিস্ক লুট করা হয়েছে। একই দিন পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগে কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
গ্রামীণ ব্যাংক স্পষ্ট করেছে যে, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের এবং অবশিষ্ট ১০ শতাংশ সরকারের। ব্যাংকের পরিচালনা বোর্ডেও ঋণগ্রহীতাদের মধ্য থেকে নির্বাচিত নয়জন পরিচালকের প্রতিনিধিত্ব রয়েছে। ফলে ব্যাংকে আগুন দেওয়ার অর্থ হলো দরিদ্র সদস্যদের নিজেদের সম্পদ ও অর্থনৈতিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করা। অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি সদস্য রয়েছে এবং ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ৮১ হাজার ৬৭৮টি গ্রামে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকটির মালিকানা ও কার্যক্রম নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর ও ভুল তথ্যের বিষয়ে সচেতন থাকতে সাংবাদিক ও গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের মানুষ ও সরকারকে এই জাতীয় ও আন্তর্জাতিক সম্পদ রক্ষায় একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

