রবিবার, নভেম্বর ২২, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

ন্যাশনাল ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬
in জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
ন্যাশনাল ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে

ড. মেলিতা মেহজাবীন

চেয়ারম্যান, ন্যাশনাল ব্যাংক পিএলসি

রাজু আলীম

দীর্ঘদিনের তারল্য সংকট ও আমানতকারীদের আস্থাহীনতায় বিপর্যস্ত ন্যাশনাল ব্যাংকে নতুন আমানত আসতে শুরু করেছে। গত ১৫ অক্টোবর সব শাখা খুলে দেওয়ার পর প্রথম ১৫ দিনে ১ হাজার ৩৫০টি নতুন হিসাব খোলা হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবীনের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১১ দিনে ব্যাংকটির মাধ্যমে ৫৭ কোটি টাকার রেমিট্যান্স এসেছে, যা আগের মাসের একই সময়ে ছিল ১১ কোটি টাকা। তবে নতুন আমানত ও রেমিট্যান্স প্রবাহ বাড়লেও ব্যাংকটির সামনে এখনো বড় চ্যালেঞ্জ তারল্য পরিস্থিতির স্থায়ী উন্নতি, স্বাভাবিক ঋণ ও বৈদেশিক বাণিজ্য কার্যক্রম চালু এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবীন মনে করেন, শুধু আর্থিক সহায়তা দিয়ে ন্যাশনাল ব্যাংককে টেকসইভাবে পুনরুদ্ধার করা সম্ভব নয়; বরং সুশাসন নিশ্চিত করে আমানত, ঋণ, এলসি ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে হবে।

নতুন আমানত, রেমিট্যান্স প্রবাহ ও এলসি কার্যক্রম ঘিরে পুনরুদ্ধারের প্রত্যাশা

দীর্ঘদিনের তারল্য সংকট, আমানতকারীদের অর্থ উত্তোলনে সীমাবদ্ধতা, ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রভাব কাটিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে চায় ন্যাশনাল ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার, নতুন আমানত সংগ্রহ, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং ঋণপত্র (এলসি) ও ব্যাংক গ্যারান্টিসহ ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

ব্যাংকটির চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবীন জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় ন্যাশনাল ব্যাংকের আর্থিক ও পরিচালনাগত অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। আমানতের তুলনায় নগদ অর্থের ঘাটতি, তারল্য সংকট এবং গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ সামাল দেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, শুধু পুনর্গঠন ঋণ দিয়ে একটি ব্যাংককে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব নয়; বরং ব্যাংকটিকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে।

সংকটাপন্ন অবস্থা থেকে পুনরুদ্ধারের উদ্যোগ

পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকটির পরিস্থিতি সম্পর্কে ড. মেলিতা মেহজাবীন বলেন, ২০২৪ সালের আগস্টে বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের প্রকৃত অবস্থা বুঝতে গিয়ে নানা ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়মের তথ্য সামনে আসে। ব্যাংকটির আমানত ও দায়ের তুলনায় নগদ অর্থের সংকট ছিল প্রকট। গ্রাহকদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছিল।

তিনি বলেন, পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কোনো কোনো শাখায় গ্রাহকদের ক্ষোভের মুখে কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। শাখা ব্যবস্থাপকদের দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়েছিল। ব্যাংকটির দেশজুড়ে ২৮৫টি শাখা ও উপশাখা থাকলেও আর্থিক সংকটের কারণে সেই বিস্তৃত নেটওয়ার্কের সক্ষমতা কাজে লাগানো যাচ্ছিল না।

অতীতের অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সামনে আসছে। এসব অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে কীভাবে একই ধরনের পরিস্থিতি ঠেকানো যায়, সেটিও পরিচালনা পর্ষদের জন্য বড় চ্যালেঞ্জ।

পুনর্গঠন ঋণ দিয়ে নয়, স্বাভাবিক ব্যাংকিংয়েই টেকসই সমাধান

ব্যাংকটির সংকট মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার কথা উল্লেখ করে ড. মেলিতা মেহজাবীন বলেন, ন্যাশনাল ব্যাংকের মতো বড় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে বাঁচিয়ে রাখা শুধু আর্থিক সহায়তার বিষয় নয়। ব্যাংকটিকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হলে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর সুযোগ দিতে হবে।

তিনি জানান, সরকারের সহযোগিতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পুনর্গঠন ঋণ পেয়েছে ন্যাশনাল ব্যাংক। এ অর্থ ব্যবহার করে প্রাথমিকভাবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকিং কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকটিতে কয়েক হাজার কর্মী রয়েছেন। শুধু গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য এত বড় একটি ব্যাংক ও এর জনবল ধরে রাখার প্রয়োজনীয়তা নেই। বরং আমানত গ্রহণ, অর্থ উত্তোলন, ঋণ বিতরণ, এলসি খোলা এবং ব্যবসায়িক লেনদেনসহ পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মধ্য দিয়েই প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড়াতে হবে।

আমানতকারীদের আস্থা ফিরছে, নতুন হিসাব ১ হাজার ৩৫০টি

ব্যাংকটির পুনরুদ্ধার কার্যক্রমে আমানতকারীদের আস্থা ফেরানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন চেয়ারম্যান। তাঁর মতে, গ্রাহকরা শুধু আটকে থাকা টাকা ফেরত চান না, ভবিষ্যতেও প্রয়োজনের সময় তাঁদের আমানত উত্তোলন করতে পারবেন কি না, সেই নিশ্চয়তা চান।

গত ১৫ অক্টোবর সব শাখা খুলে দেওয়ার পর আমানতকারীদের কাছ থেকে বড় ধরনের চাপ আসবে বলে ধারণা করেছিলেন তাঁরা। তবে গ্রাহকদের আচরণে ইতিবাচক পরিবর্তন দেখছেন বলে জানান ড. মেলিতা মেহজাবীন। তিনি বলেন, শাখা চালুর পর গ্রাহকরা এসেছেন এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উত্তোলন করেছেন। একই সঙ্গে নতুন করে হিসাব খোলার প্রবণতাও দেখা যাচ্ছে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শাখাগুলো পুনরায় চালুর পর প্রথম ১৫ দিনে ব্যাংকটিতে ১ হাজার ৩৫০টি নতুন হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে নতুন আমানতও জমা হয়েছে। তাঁর মতে, এটি গ্রাহকদের আস্থা ফিরে আসার একটি ইতিবাচক ইঙ্গিত।

আমানতকারীদের আস্থার অগ্রগতি মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, তাঁর ধারণা, ন্যাশনাল ব্যাংক আগের অবস্থায় ফিরবে—এমন বিশ্বাস এখন পর্যন্ত গ্রাহকদের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ ফিরে এসেছে। তবে বিচ্ছিন্ন কিছু সমস্যা এখনো থাকতে পারে বলেও স্বীকার করেন তিনি।

এফডিআর ভাঙানোর বদলে বিকল্প সমাধানের প্রস্তাব

মেয়াদপূর্তির আগে স্থায়ী আমানত বা এফডিআর ভাঙানোর বিষয়ে গ্রাহকদের সঙ্গে সমাধানভিত্তিক আলোচনার ওপর জোর দিয়েছেন ড. মেলিতা মেহজাবীন। তাঁর মতে, কোনো গ্রাহকের জরুরি অর্থের প্রয়োজন হলে সরাসরি এফডিআর ভাঙিয়ে দেওয়ার পরিবর্তে এমন বিকল্প দেওয়া যেতে পারে, যাতে গ্রাহক ও ব্যাংক উভয়ের আর্থিক ক্ষতি কম হয়।

তিনি বলেন, কোনো গ্রাহক মেয়াদপূর্তির আগে এফডিআর ভাঙাতে চাইলে তাঁকে শুধু অর্জিত সুদের অর্থ উত্তোলন করে মূলধন মেয়াদপূর্তি পর্যন্ত রাখার পরামর্শ দেওয়া যেতে পারে। প্রয়োজনে এফডিআরের বিপরীতে স্বল্প সুদে ঋণ বা এসওডি সুবিধাও দেওয়া সম্ভব। এতে গ্রাহক তাঁর আমানতের বিপরীতে সুদ পেতে থাকবেন, আবার জরুরি প্রয়োজনেও অর্থের সংস্থান করতে পারবেন।

এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ব্যাংকের উদ্দেশ্য গ্রাহককে সমস্যায় ফেলা নয়, বরং সমস্যার সমাধান দেওয়া। একই সঙ্গে গ্রাহক ও ব্যাংক—কোনো পক্ষই যাতে অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতির মুখে না পড়ে, সেটিও বিবেচনায় রাখতে হবে।

রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন

ন্যাশনাল ব্যাংকের পুনরুদ্ধারে রেমিট্যান্সকে অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে দেখছেন চেয়ারম্যান। তিনি জানান, একসময় দেশের রেমিট্যান্স আহরণকারী ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের অবস্থান ছিল শীর্ষে। ইসলামী ব্যাংকের পরই ব্যাংকটির অবস্থান ছিল বলে উল্লেখ করেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে তারল্য সংকটের কারণে প্রবাসীদের পাঠানো অর্থ সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়াও সম্ভব হচ্ছিল না।

ড. মেলিতা মেহজাবীন বলেন, গত বছর সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স পরিশোধের স্বীকৃতি হিসেবে একটি পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু তখন ব্যাংকের তারল্য সংকটের কারণে প্রবাসীদের পাঠানো অর্থ সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া কঠিন ছিল।

বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে জানান তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১১ দিনে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১ কোটি টাকা। নভেম্বরের প্রথম ১১ দিনে এসেছে ৫৭ কোটি টাকা। অর্থাৎ একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ পাঁচ গুণের বেশি বেড়েছে।

সম্পর্কিত

২৭ নভেম্বর বসছে ‘রাইজ অ্যাবোভ অল’-এর দশম আসর, টিকিট মিলছে টিকিফাইতে

রাজধানীতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি বলেন, রেমিট্যান্সের এই প্রবাহ অব্যাহত থাকলে ব্যাংকের নগদ অর্থের সংকট মোকাবিলা সহজ হবে। সিঙ্গাপুরের পাশাপাশি মালয়েশিয়া, মালদ্বীপ ও গ্রিস থেকেও রেমিট্যান্স আহরণের সুযোগ রয়েছে। এসব বাজারে কার্যক্রম বাড়াতে পারলে বৈদেশিক মুদ্রা আসার পাশাপাশি ব্যাংকের স্থানীয় মুদ্রার তারল্যও বাড়বে।

এলসি ও ব্যাংক গ্যারান্টি কার্যক্রমে ফিরতে চায় ব্যাংকটি

দীর্ঘদিনের সংকটে অনেক গ্রাহক ন্যাশনাল ব্যাংক ছেড়ে অন্য ব্যাংকে চলে গেছেন বলে জানান চেয়ারম্যান। তাঁর মতে, ব্যাংকটি যখন গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে পারছিল না, তখন ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই বিকল্প ব্যাংকের দিকে ঝুঁকেছেন।

এখন বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এলসি খোলাসহ বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের অনুমোদন পাওয়ায় নতুন করে গ্রাহক ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে সামনে রমজানকে কেন্দ্র করে আমদানি বাণিজ্যের চাহিদা বাড়বে। এ সময় ব্যবসায়ীদের এলসি খোলা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা দিতে পারলে ন্যাশনাল ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন তিনি।

এ প্রসঙ্গে ড. মেলিতা মেহজাবীন বলেন, ব্যাংকিং ব্যবসা শুধু আমানত গ্রহণ ও অর্থ উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সহায়তা দিতে পারাও ব্যাংকের অন্যতম দায়িত্ব। এলসি খোলা, ব্যাংক গ্যারান্টি এবং অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক পুনর্গঠন করতে হবে।

তিনি আরও জানান, দেশে সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হচ্ছে। এসব প্রকল্পে ব্যাংক গ্যারান্টি ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হলে ন্যাশনাল ব্যাংকও ব্যবসায়িকভাবে উপকৃত হতে পারে। ফলে আমানতের জন্য শুধু সাধারণ গ্রাহকদের ওপর নির্ভর করতে হবে না; ব্যবসায়িক লেনদেনের মাধ্যমেও নতুন আমানত ও আয় তৈরির সুযোগ হবে।

সুশাসন ও কমপ্লায়েন্সে ফিরতে হবে পুরোনো অবস্থানে

অতীতের অনিয়ম ও ঋণ বিতরণে দুর্নীতিকে ন্যাশনাল ব্যাংকের সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন ড. মেলিতা মেহজাবীন। তাঁর মতে, সাধারণ মানুষের আমানত অনিয়মের মাধ্যমে ঝুঁকিপূর্ণ খাতে চলে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব হলো, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা।

তিনি বলেন, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিটি কার্যক্রম নিয়মনীতি ও কমপ্লায়েন্সের মধ্যে থেকে পরিচালনা করতে হবে। ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে অতীতের মতো অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে।

এ প্রসঙ্গে তিনি দেশের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধির নিম্নগতির কথাও উল্লেখ করেন। তাঁর মতে, নতুন করে ঋণ বিতরণ শুরু করার পাশাপাশি কাকে ঋণ দেওয়া হবে, সেটিও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ঋণ বিতরণে যথাযথ যাচাই-বাছাই ও সুশাসন নিশ্চিত করা ছাড়া ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব নয়।

ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যাশা

ন্যাশনাল ব্যাংকের অতীত সাফল্যের কথা তুলে ধরে চেয়ারম্যান বলেন, একসময় ব্যাংকটি দেশের বেসরকারি ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল এবং লাভজনক ব্যাংক হিসেবেও পরিচিতি পেয়েছিল। ব্যাংকটির মাধ্যমে ব্যাক-টু-ব্যাক এলসির মতো ব্যাংকিং পণ্য চালু হয়েছিল। বাংলাদেশে মাস্টারকার্ডভিত্তিক ক্রেডিট কার্ড সেবা চালুর ক্ষেত্রেও ন্যাশনাল ব্যাংকের অগ্রণী ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন।

তাঁর মতে, ব্যাংকটির বড় সম্পদ হলো দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও অভিজ্ঞ জনবল। নতুন করে এই সক্ষমতা কাজে লাগাতে পারলে ব্যাংকটির পুরোনো অবস্থান ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হবে।

সব মিলিয়ে ন্যাশনাল ব্যাংকের পুনরুদ্ধার পরিকল্পনায় তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ—আমানতকারীদের আস্থা ফেরানো, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করা এবং সুশাসন প্রতিষ্ঠা। ড. মেলিতা মেহজাবীনের বক্তব্যে স্পষ্ট, পুনর্গঠন ঋণ সাময়িক স্বস্তি দিলেও ব্যাংকের দীর্ঘমেয়াদি সক্ষমতা ফিরবে নিয়মিত আমানত, রেমিট্যান্স, ঋণ ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা থেকে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

china
বাংলাদেশ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চীনের ২০ হাজার ডলার অনুদান

২৫ আগস্ট ২০২৪
কানাডায় অবৈধ বসবাস: ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশী
আন্তর্জাতিক

কানাডায় অবৈধ বসবাস: ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশী

৯ আগস্ট ২০২৬

সর্বশেষ

ন্যাশনাল ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে

ন্যাশনাল ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬
0

0

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চীফ হুইপের বৈঠক

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চীফ হুইপের বৈঠক

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬
0

0

২৭ নভেম্বর বসছে ‘রাইজ অ্যাবোভ অল’-এর দশম আসর, টিকিট মিলছে টিকিফাইতে

২৭ নভেম্বর বসছে ‘রাইজ অ্যাবোভ অল’-এর দশম আসর, টিকিট মিলছে টিকিফাইতে

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬
0

0

রাজধানীতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ন্যাশনাল ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে

ন্যাশনাল ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে

২২ নভেম্বর ২০২৬
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চীফ হুইপের বৈঠক

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চীফ হুইপের বৈঠক

২২ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.