গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলার আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। বক্তব্যে তিনি দেশের অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশীয় পণ্যের প্রসার ও বাজার সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশ থেকে আসা মোট ৩৮০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।





