চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৯৯১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার বা ১০ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।
এর আগে, গত অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
![]()