চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ৫৯০ জনের বেশি বীর শহীদের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এতে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ।
উদ্বোধনের পরপরই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কালো রঙের টেবিলের ওপর সাজিয়ে রাখা শহীদদের রক্তমাখা শার্ট, অসমাপ্ত ডায়েরির পাতা, ভাঙা চশমা আর প্রিয়জনের শেষ চিঠির সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারি আর শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো প্রদর্শনীস্থলে এক হৃদয়বিদারক ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
![]()
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বিগত স্বৈরাচারী শাসনামলের গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা ধ্বংসের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—জাতি-ধর্মনির্বিশেষে দেশপ্রেমিক মানুষ এই গণঅভ্যুত্থানে শামিল হয়েছিলেন; এমনকি পুলিশ ও সেনা কর্মকর্তার সন্তানেরাও শহীদ হয়েছেন।
![]()
পলাতক শক্তির তৎপরতা প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও তাঁর দলের মন্ত্রী-এমপি ও জনপ্রতিনিধিরা পালিয়ে গেছেন। এই পলাতক শক্তি এখন বিদেশ ও সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কর্মকাণ্ডের ছক ও উসকানি দিচ্ছে। তবে বাংলাদেশের সচেতন জনগণ ও জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছেন উল্লেখ করে তিনি বলেন, কোনো অপশক্তিকে তারা ভয় পান না; বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়েই এগিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. জাহেদ উর রহমান বলেন, সন্তান হারানো প্রতিটি শহীদ পরিবারের কষ্ট ও হাহাকার সমান এবং এর কোনো সীমা নেই। রাষ্ট্র প্রত্যেক শহীদকে সমানভাবে দেখতে চায়।
![]()
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না, কোনো সম্ভাবনাই নেই। শুধু উনি নন, ওনাদের এই দলটি বাংলাদেশে কী পরিমাণ বিপর্যয় চালিয়ে গেছে, এ ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত সেই স্মৃতিকে সজীব রাখতে চাই। বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলেরও কবর হোক জনগণের মনের দিক থেকে।”
সভাপতির বক্তব্যে জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ জানান, চব্বিশের গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন এবং বিগত দেড় দশকের দুঃশাসনের ইতিহাস গবেষণা, সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, বর্তমানে জাদুঘরে ৫৯০ জন শহীদের ব্যবহৃত দেড় হাজার থেকে ১ হাজার ৮০০টি স্মৃতিস্মারক সংরক্ষিত রয়েছে। জায়গার সীমাবদ্ধতার কারণে গ্যালারিতে বর্তমানে ২০৫ জন শহীদের ৫০০-এর বেশি স্মারক প্রদর্শন করা হচ্ছে। সামনের দিনগুলোতে বিভিন্ন প্রদর্শনী ও জাদুঘরের গ্যালারিতে পর্যায়ক্রমে সংগৃহীত সব নিদর্শন দর্শনার্থীদের জন্য তুলে ধরা হবে বলে জানান তিনি।
বিস্তারিত লিংক: https://www.facebook.com/share/v/1CY8wmyTHA/
![]()
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে আয়োজিত এই বিশেষ প্রদর্শনী রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।





