টানা কয়েক মাসের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান এফএক্সএম্পায়ারের কারিগরি বিশ্লেষক এজি থরসনের পূর্বাভাস সত্যি হলে, আগামী ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০ হাজার ডলারে পৌঁছাতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা। ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
![]()
আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ ১০ হাজার ডলার হলে দেশের বাজারে প্রতি ভরির হিসাবটাও রীতিমতো চমকে দেওয়ার মতো। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এক ট্রয় আউন্স সমান ৩১ দশমিক ১০৩৫ গ্রাম এবং এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সেই হিসাবে প্রতি আউন্স ১২ লাখ ৫০ হাজার টাকা হলে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াবে প্রায় ৪ লাখ ৬৯ হাজার টাকা। তবে এটি কেবল আন্তর্জাতিক দামের হিসাব; এর সঙ্গে দেশের আমদানি শুল্ক, কর, মজুরি ও স্থানীয় বাজারের অন্যান্য খরচ যুক্ত হলে দাম আরও অনেক বেশি হতে পারে।
![]()
গত ২৭ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে এজি থরসন জানান, গত ২৫ নভেম্বর স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি সংশোধনের সর্বনিম্ন পর্যায় তৈরি হয়ে থাকতে পারে, যদিও বাজারের ঘুরে দাঁড়ানো এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, স্বর্ণের দামের সাম্প্রতিক ওঠানামায় ১০৪ কার্যদিবসের একটি নির্দিষ্ট চক্র কাজ করছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া বড় দরবৃদ্ধি ১০৪ কার্যদিবস স্থায়ী হয়েছিল। এরপর ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত প্রথম দফার দরপতনও চলে ঠিক একই সময় ধরে। গত জুনের শেষ দিকের সর্বনিম্ন দর থেকে ১০৪ কার্যদিবস পর, গত ২৫ নভেম্বর স্বর্ণ আবারও সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন তিনি।
![]()
এই ধারাবাহিকতাকে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী বাজারের নতুন পর্ব শুরুর সম্ভাব্য সংকেত হিসেবে দেখছেন থরসন। তাঁর ধারণা, ২০২৬ সালের এই দরপতন মূলত ছয় বছরব্যাপী একটি বড় ঊর্ধ্বমুখী বাজারের মাঝামাঝি সংশোধন হতে পারে।
শুধু স্বর্ণ নয়, দীর্ঘ মেয়াদে রুপা ও প্লাটিনামের বাজার নিয়েও আশাবাদী এই বিশ্লেষক। তাঁর পূর্বাভাস অনুযায়ী, চলতি দশকের শেষ নাগাদ প্রতি আউন্স রুপার দাম ৩০০ ডলারে পৌঁছাতে পারে এবং প্লাটিনামের বাজারেও একই ধরনের পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।
তবে এই পূর্বাভাস পুরোপুরি কারিগরি বিশ্লেষণের ওপর নির্ভরশীল বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। বিশ্ব স্বর্ণ কাউন্সিলের গত অক্টোবরের মূল্যায়নে বলা হয়েছে, স্বর্ণের বাজারে এখনো জল্পনামূলক বিনিয়োগের পরিমাণ বেশ বেশি। ফলে টেকসই পুনরুদ্ধারের আগে বাজারে আরও দরপতন কিংবা অস্থিরতা দেখা দিতে পারে।
![]()