মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৮ জুলাই ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা

মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা

রাজু আলীম

বাংলাদেশের রাজনীতিতে ভদ্রতা, শালীনতা ও পরিমিতিবোধের কথা উঠলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিঃসন্দেহে অন্যতম একটি নাম। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তাঁর সৌজন্য, সংযত ভাষা, পরিশীলিত যুক্তিবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা তাঁকে সমসাময়িক রাজনীতিতে আলাদা মর্যাদা দিয়েছে। আমাদের প্রজন্মের অনেকেই কৈশোর থেকে তাঁকে দেখে শিখেছে—কীভাবে রাজনৈতিক বিরোধিতা করেও শালীন থাকা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির অন্যতম প্রধান ছাত্রনেতা থেকে শুরু করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় চরিত্র। জাতীয় রাজনীতিতে পুরোপুরি যুক্ত হওয়ার আগে ছিলেন শিক্ষকতা পেশায়। হয়তো সেই কারণেই তাঁর বক্তব্যে যুক্তির দৃঢ়তা, ধৈর্য এবং পরিমিতিবোধ এত স্পষ্টভাবে প্রতিফলিত।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কঠিন সময়ও পার করেছেন। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তাঁর বিরুদ্ধে বহু মামলা হয়েছে, কারাবরণ করতে হয়েছে এবং বিরোধী রাজনীতির নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের হাল ধরে রেখেছেন। তাঁর হলফনামায় প্রায় অর্ধশত মামলার উল্লেখ রয়েছে। রাজনৈতিক সাফল্য নিয়ে বিতর্ক থাকলেও তাঁর ত্যাগ, ধৈর্য এবং ধারাবাহিক উপস্থিতি তাঁকে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে দাঁড় করিয়েছে।

সম্পর্কিত

জিয়া হত্যাকাণ্ড: যে প্রশ্নগুলোর উত্তর আজও ইতিহাস খুঁজছে

ব্যবসার সাফল্য তখনই অর্থবহ, যখন তা মানুষের জীবন বদলে দেয়: সায়েফ নাসির

এই কারণেই সম্প্রতি চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো ইউসিবি ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে দেওয়া তাঁর দীর্ঘ সাক্ষাৎকারটি বিশেষ গুরুত্ব বহন করে। এটি ছিলো একজন অভিজ্ঞ রাজনীতিকের রাষ্ট্রচিন্তা, গণতন্ত্রবোধ এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ দলিল। বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনীতি, স্থানীয় সরকার, শিক্ষা, কর্মসংস্থান, সংবিধান সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতি—প্রতিটি বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী ভাষায় তাঁর মতামত তুলে ধরেছেন। সেই কারণেই এই সাক্ষাৎকার সমসাময়িক বাংলাদেশের রাষ্ট্রনীতি ও রাজনীতি নিয়ে আলোচনার একটি মূল্যবান উপাদান হয়ে উঠেছে।
সাক্ষাৎকারের শুরুতেই বর্তমান সরকারের পাঁচ মাসের কার্যক্রম সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন একটি সরকার হিসেবে অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জনের মতো কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালু এবং খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান—এসব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বিশেষভাবে প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলেন, রাষ্ট্র পরিচালনায় অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ এবং সরল জীবনযাপনের মাধ্যমে কাজ করার যে বার্তা দেওয়া হয়েছে, তা জনগণের কাছে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
তবে তিনি একই সঙ্গে মনে করিয়ে দেন, সরকার এমন এক রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে, যা অর্থনৈতিকভাবে গভীর সংকটে ছিল। তাঁর ভাষায়, ব্যাংকিং ব্যবস্থা ছিল প্রায় ভেঙে পড়া অবস্থায়, ব্যাপক লুটপাটের মাধ্যমে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর মতে, বর্তমান সরকার সেই ধ্বংসস্তূপের মধ্য থেকেই পুনর্গঠনের কাজ শুরু করেছে এবং এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো ইতিবাচক বলেই তিনি মনে করেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন। তিনি জানান, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। তাঁর মতে, স্থানীয় সরকার নির্বাচন মূলত স্থানীয় নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। সেখানে দলীয় প্রতীক চলে এলে স্থানীয় পর্যায়ে অপ্রয়োজনীয় বিভাজন, সংঘাত এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই নির্বাচন কমিশন এবং সরকার দলীয় প্রতীকের বাইরে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর বিশ্বাস, এতে স্থানীয় পর্যায়ে গলযোগের সম্ভাবনাও অনেক কমে যাবে।
স্থানীয় সরকারকে আত্মনির্ভরশীল করার প্রশ্নে তিনি বাস্তববাদী মূল্যায়ন তুলে ধরেন। সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব রাজস্ব আহরণের কথা থাকলেও বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় সেটি এখনো পুরোপুরি কার্যকর নয়। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ বা গ্রামীণ জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপানো বর্তমান বাস্তবতায় সমীচীন হবে না। কারণ জনগণ ইতোমধ্যেই ভ্যাট, বিক্রয় কর, আয়করসহ নানা ধরনের কর দিচ্ছে। সেই প্রেক্ষাপটে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে কেন্দ্রীয় সহায়তার পাশাপাশি ধীরে ধীরে সক্ষমতা বাড়াতে হবে।
তিস্তা মেগা প্রকল্প নিয়ে আলোচনায় তিনি একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেন। তাঁর মতে, অনেকেই ভুলভাবে মনে করছেন যে প্রকল্পটি চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। বাস্তবে বিষয়টি তা নয়। তিনি বলেন, চীনের সঙ্গে কেবল সম্ভাব্যতা সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি নিয়ে আলোচনা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব এখনো কোনো দেশের হাতে দেওয়া হয়নি। অর্থাৎ বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
সংবিধান সংস্কার এবং জুলাই সনদ নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনার জবাবেও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, সেগুলো সরকার বাস্তবায়ন করবে। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়িত হবে। তিনি মনে করিয়ে দেন, এই নীতিই জুলাই সনদে উল্লেখ রয়েছে। তাই সরকার কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করছে—এমন অভিযোগ সঠিক নয়।
বিরোধী দলগুলোর আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে পারে। কিন্তু আন্দোলনের জন্য যৌক্তিক কারণ থাকতে হয়। বর্তমান পরিস্থিতিতে সেই ধরনের কোনো যৌক্তিকতা সৃষ্টি হয়নি বলে তাঁর অভিমত।
ঢাকার জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ এবং নগর ব্যবস্থাপনা নিয়ে তাঁর মন্তব্য ছিল বাস্তবভিত্তিক। তিনি বলেন, বহু বছর ধরে পরিকল্পনাহীনভাবে ঢাকা শহর গড়ে উঠেছে। খাল দখল, ড্রেন বন্ধ হয়ে যাওয়া, অপরিকল্পিত ভবন নির্মাণ এবং নাগরিকদের অসচেতন আচরণ—সব মিলিয়ে সমস্যাগুলো জটিল আকার ধারণ করেছে। তাঁর মতে, এই সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খাল পুনরুদ্ধার এবং বৈজ্ঞানিক নগর পরিকল্পনার মাধ্যমেই এ সংকট মোকাবিলা করতে হবে।
ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমানোর বিষয়ে তিনি বিকেন্দ্রীকরণের পক্ষে জোরালো মত দেন। তাঁর মতে, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবার মান জেলা পর্যায়ে উন্নত করতে পারলে রাজধানীমুখী মানুষের চাপ অনেকটাই কমবে। তিনি জানান, ইতোমধ্যেই কিছু প্রশাসনিক কার্যক্রম ঢাকা থেকে জেলায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জেলা পরিষদ ও পৌরসভাগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে।
শিক্ষা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি অকপটে স্বীকার করেন যে দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাঁর মতে, অতীতে নানা পরীক্ষামূলক উদ্যোগের কারণে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ কমে গেছে এবং অনেকেই পরীক্ষা দিতে চায় না। এই প্রবণতা পরিবর্তন করতে হলে পরীক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ পুনর্গঠন এবং বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ বাড়াতে হবে বলে তিনি মনে করেন।
একই সঙ্গে তিনি বাঙালির বিতর্কপ্রিয় স্বভাবের কথাও উল্লেখ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ টেনে তিনি বলেন, বাঙালি জাতি সব বিষয়েই বিতর্ক করতে ভালোবাসে। তবে শিক্ষা নিয়ে বিতর্কের পরিবর্তে বাস্তব সংস্কারই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
জিয়াউর রহমান হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যম অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত আলোচনার সৃষ্টি করে। তাঁর মতে, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার সামরিক আদালতে সম্পন্ন হয়েছে। বর্তমানে নতুন কোনো বিচারিক উদ্যোগ সরকার বা বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। অপ্রয়োজনীয়ভাবে বিষয়টিকে নতুন ইস্যু বানানো উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
তরুণদের কর্মসংস্থান নিয়ে তাঁর বক্তব্য ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি মনে করেন, শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়; বরং দক্ষতা অর্জনই ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। এজন্য তথ্যপ্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা সৃষ্টি এবং কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেন। তাঁর মতে, একজন তরুণ যদি কারিগরি দক্ষতা অর্জন করে, তাহলে দেশেও কর্মসংস্থান পাবে, আবার বিদেশেও মর্যাদার সঙ্গে কাজ করতে পারবে।
বিদেশি ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত সম্পর্কেও তিনি ইতিবাচক মত প্রকাশ করেন। বাধ্যতামূলক না করলেও কারিগরি শিক্ষার প্রসারে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।
বয়স্ক নাগরিকদের বিষয়ে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও বিস্তৃত করা হবে। প্রবীণদের জন্য নতুন আবাসন এবং কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প ইতোমধ্যেই পরিকল্পনার পর্যায়ে রয়েছে।
সংবিধান সংস্কারের নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন। তাঁর মতে, উচ্চকক্ষ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এগুলো রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
গণভোট প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপি শুরু থেকেই কিছু বিষয়ে আপত্তি জানিয়েছিল। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে তাদের আপত্তি ছিল। তাঁর মতে, যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি, সেগুলো গণভোটের মাধ্যমে চাপিয়ে দেওয়া ঠিক হয়নি।
সাম্প্রতিক জাতীয় নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ় অবস্থান নেন। তাঁর ভাষায়, এ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের একটি হিসেবে দেশ-বিদেশে স্বীকৃতি পেয়েছে। যারা পরাজিত হয়েছেন, তারাই কেবল অভিযোগ তুলছেন। গণতান্ত্রিক সংস্কৃতিতে পরাজয় মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বানও তিনি জানান।
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বর্তমান অবস্থান নিয়ে তাঁর মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা পুরোপুরি হারিয়ে ফেলেনি, কারণ কিছু কিছু গণমাধ্যমে তারা এখনও রাজনৈতিক আলোচনায় রয়েছে। তবে তাঁর মতে, দীর্ঘ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। বর্তমানে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগও নেই। ভবিষ্যতে আইনগত পরিস্থিতি পরিবর্তিত হলে তখন বিষয়টি নতুনভাবে বিবেচিত হতে পারে।
জুলাই আন্দোলনের বিচার প্রসঙ্গে বিএনপি বিচার বিলম্বিত করছে—এমন অভিযোগ তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন। তাঁর বক্তব্য, এটি সম্পূর্ণ অপপ্রচার। তিনি বলেন, জনগণ অবশ্যই বিচার পাবে এবং বিএনপি অতীতের মতোই তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে।
বিএনপির রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, অর্থনৈতিক সংস্কার, গার্মেন্টস শিল্পের প্রসার এবং ভ্যাট ব্যবস্থা—এসব গুরুত্বপূর্ণ সংস্কারের সূচনা বিএনপির আমলেই হয়েছে। তাঁর মতে, সংস্কার বিএনপির রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সবশেষে সরকার ও বিরোধী দলের আদর্শগত পার্থক্য নিয়ে প্রশ্নের উত্তরে তিনি অত্যন্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তাঁর মতে, একটি দেশে সরকার ও বিরোধী দলের আদর্শ আলাদা হওয়াই স্বাভাবিক। বিএনপি জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে, অন্যদিকে ধর্মভিত্তিক দল তাদের নিজস্ব আদর্শ অনুসরণ করবে। গণতান্ত্রিক রাষ্ট্রে এই বহুমতের সহাবস্থানই স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত।
সাক্ষাৎকারের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ভাষা ও উপস্থাপনার ধরন। প্রায় প্রতিটি প্রশ্নের উত্তরে তিনি তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়ার পরিবর্তে প্রেক্ষাপট ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বিশেষ করে তিনি বারবার একটি বিষয় সামনে এনেছেন—রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নকে কেবল আবেগ দিয়ে নয়, বাস্তবতা বিবেচনায় এগিয়ে নিতে হয়। তাঁর বক্তব্যে সেই বাস্তববাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন স্পষ্ট।
গণমাধ্যমের ভূমিকাও আলোচনায় বিশেষভাবে উঠে আসে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি সরাসরি সংবাদমাধ্যমের প্রতি একটি সমালোচনামূলক পর্যবেক্ষণ তুলে ধরেন। তাঁর মতে, বাংলাদেশের অনেক গণমাধ্যম এমন বিষয়কেও বড় ইস্যুতে পরিণত করে, যেগুলোর বাস্তব রাজনৈতিক গুরুত্ব খুব বেশি নেই। দর্শক ও পাঠকের দৃষ্টি আকর্ষণের প্রতিযোগিতায় অনেক সময় অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়। তাঁর ভাষায়, দেশের অনেক রাজনৈতিক সংকটের পেছনে বাস্তব ঘটনার চেয়ে ‘ইস্যু তৈরি করার প্রবণতা’ও কম দায়ী নয়। গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তা স্বীকার করেও তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তাঁর বক্তব্যে গ্রামীণ উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের বিষয়টিও গুরুত্ব পায়। তিনি ইঙ্গিত দেন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় প্রশাসনকে কার্যকর করার উদ্যোগ শুধু নগর উন্নয়নের জন্য নয়; কৃষি, পরিবেশ এবং স্থানীয় অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দৃষ্টিতে, স্থানীয় সরকারকে শক্তিশালী না করে টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদকে ধীরে ধীরে অধিক প্রশাসনিক ও আর্থিক সক্ষমতা দেওয়া হলে কেন্দ্রের ওপর নির্ভরশীলতা কমবে এবং জনগণও দ্রুত সেবা পাবে।
সাক্ষাৎকারে তিনি উন্নয়নকে কেবল বড় বড় অবকাঠামো প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বরং সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তারকে তিনি সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন। পরিবারভিত্তিক সহায়তা, কৃষকদের জন্য পৃথক কার্ড, ধর্মীয় নেতাদের সম্মানভাতা, ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা এবং প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে তিনি একটি মানবিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে ব্যাখ্যা করেন। তাঁর মতে, উন্নয়নের সুফল তখনই অর্থবহ হয়, যখন তা সমাজের প্রান্তিক ও অপেক্ষাকৃত দুর্বল জনগোষ্ঠীর কাছেও পৌঁছে।
বিদেশে কর্মসংস্থান নিয়েও তাঁর বক্তব্যে একটি সুস্পষ্ট অর্থনৈতিক দর্শন উঠে আসে। তিনি মনে করেন, বৈদেশিক শ্রমবাজারকে শুধু জনশক্তি রপ্তানির ক্ষেত্র হিসেবে দেখলে চলবে না; বরং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে হবে। এজন্য ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনকে তিনি ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তাঁর ধারণা, দক্ষ কর্মী তৈরি হলে দেশের রেমিট্যান্স আয় যেমন বাড়বে, তেমনি বেকারত্বও কমবে।
সংবিধান সংস্কারের প্রশ্নে তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল রাজনৈতিক সমঝোতার সংস্কৃতি গড়ে তোলা। তিনি স্পষ্টভাবে বলেন, প্রতিটি বিষয়ে শতভাগ ঐকমত্য সম্ভব নয়। কিন্তু যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মতি রয়েছে, সেগুলো বাস্তবায়ন করাই গণতান্ত্রিক পরিপক্বতার পরিচয়। আর যেসব বিষয়ে মতপার্থক্য থাকবে, সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করবে। এভাবেই তিনি সংসদীয় গণতন্ত্রের মৌলিক নীতির প্রতি নিজের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।
বিরোধী দলের রাজনীতি সম্পর্কেও তাঁর বক্তব্য ছিল তুলনামূলক সংযত। তিনি কোথাও বিরোধী মতকে অস্বীকার করেননি; বরং বলেছেন, গণতন্ত্রে বিরোধী দলের আন্দোলন বা সমালোচনা স্বাভাবিক। তবে সেই আন্দোলনের ভিত্তি হতে হবে তথ্য, যুক্তি ও বাস্তবতার ওপর। কেবল রাজনৈতিক বক্তব্যের জন্য বক্তব্য দেওয়া বা বিভ্রান্তি সৃষ্টি করা দীর্ঘমেয়াদে গণতন্ত্রকে দুর্বল করে বলেই তাঁর বিশ্বাস।
সাক্ষাৎকারের শেষভাগে বিএনপির রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তিনি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক রাজনীতির ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁর বক্তব্যে বারবার ফিরে আসে—রাষ্ট্রের স্থিতিশীলতা কেবল ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে আসে না; বরং শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচারব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি রাষ্ট্র দীর্ঘমেয়াদে সফল হতে পারে।
এই দীর্ঘ আলাপচারিতার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় প্রতিটি বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন, কিন্তু কোথাও তাৎক্ষণিক সাফল্যের অতিরঞ্জিত দাবি করেননি। অর্থনীতি পুনরুদ্ধার থেকে শুরু করে শিক্ষা সংস্কার, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কিংবা সাংবিধানিক সংস্কার—সব ক্ষেত্রেই তিনি সময়, পরিকল্পনা এবং ধারাবাহিকতার প্রয়োজনীয়তার কথা বলেছেন। রাজনৈতিক বক্তব্যে এই সংযম ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিই তাঁর অভিজ্ঞ নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে প্রতীয়মান হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি সবচেয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, তা হলো—তিনি রাষ্ট্র পরিচালনার প্রশ্নে ধাপে ধাপে সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক ঐকমত্য এবং বাস্তববাদী সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্ব দিচ্ছেন। উন্নয়নকে তিনি কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং স্থানীয় সরকার শক্তিশালী করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশকে সমান গুরুত্ব দিয়েছেন।
অভিজ্ঞ এই রাজনীতিকের দীর্ঘ সাক্ষাৎকার তাই কেবল সরকারের সাফল্যের বিবরণ নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো, গণতন্ত্র, উন্নয়ন এবং সংস্কার নিয়ে তাঁর রাজনৈতিক দর্শনেরও একটি বিস্তৃত প্রতিফলন। সমর্থক কিংবা সমালোচক—উভয় পক্ষের জন্যই তাঁর এই বক্তব্যগুলো বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনার উপাদান হয়ে থাকবে।
সব মিলিয়ে, এই সাক্ষাৎকার শুধু সমসাময়িক রাজনীতি নিয়ে প্রশ্নোত্তর ছিল না; বরং এটি ছিল রাষ্ট্র পরিচালনার দর্শন, গণতান্ত্রিক চর্চা, উন্নয়ন কৌশল এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে একজন অভিজ্ঞ রাজনীতিকের বিস্তৃত চিন্তার প্রতিফলন। তাঁর বক্তব্যের সঙ্গে একমত বা ভিন্নমত—যাই থাকুক না কেন, দেশের রাজনীতি, প্রশাসন ও নীতিনির্ধারণ নিয়ে আলোচনায় এই সাক্ষাৎকার নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে।

রাজু আলীম
কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ড.ইউনূস এর প্রতিশ্রুতি ও নির্বাচনের বাংলাদেশ
বাংলাদেশ

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে হতে পারে ৫ সমঝোতা সই

১০ আগস্ট ২০২৫
ড. কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি মামলা: আদালতে বিচারকের সাথে তার কথোপকথন
বাংলাদেশ

ড. কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি মামলা: আদালতে বিচারকের সাথে তার কথোপকথন

৮ আগস্ট ২০২৫

সর্বশেষ

মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা

মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ জুলাই ২০২৬
0

0

জিয়া হত্যাকাণ্ড: যে প্রশ্নগুলোর উত্তর আজও ইতিহাস খুঁজছে

জিয়া হত্যাকাণ্ড: যে প্রশ্নগুলোর উত্তর আজও ইতিহাস খুঁজছে

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ জুলাই ২০২৬
0

0

ব্যবসার সাফল্য তখনই অর্থবহ, যখন তা মানুষের জীবন বদলে দেয়: সায়েফ নাসির

ব্যবসার সাফল্য তখনই অর্থবহ, যখন তা মানুষের জীবন বদলে দেয়: সায়েফ নাসির

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ জুলাই ২০২৬
0

0

পরিবার পরিকল্পনা মানেই উন্নয়নে বিনিয়োগ: তসলিম উদ্দিন খান

পরিবার পরিকল্পনা মানেই উন্নয়নে বিনিয়োগ: তসলিম উদ্দিন খান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ জুলাই ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা

মির্জা ফখরুলের রাষ্ট্রচিন্তা: সংস্কার থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা

২৮ জুলাই ২০২৬
জিয়া হত্যাকাণ্ড: যে প্রশ্নগুলোর উত্তর আজও ইতিহাস খুঁজছে

জিয়া হত্যাকাণ্ড: যে প্রশ্নগুলোর উত্তর আজও ইতিহাস খুঁজছে

২৮ জুলাই ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.