১৩ বছরে সোনালী লাইফের প্রিমিয়াম আয় ৮৬৬ কোটি টাকা, দাবি পরিশোধ ৪০৫ কোটি
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান মইনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ফজলুতুন নেছা, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের পাশাপাশি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি, সমৃদ্ধি এবং সব বিমাগ্রাহকের কল্যাণ কামনা করা হয়।
চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ১৩ বছরের পথচলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের আস্থা, আর্থিক সক্ষমতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের জীবন বিমা খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, দ্রুত দাবি নিষ্পত্তি, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের গ্রাহকসেবা নিশ্চিত করে একটি আধুনিক ও বিশ্বস্ত জীবন বিমা প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থা অর্জনে কাজ অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জীবন বিমার প্রকৃত মূল্য তখনই প্রতিফলিত হয়, যখন প্রয়োজনের সময়ে গ্রাহক বা তার পরিবার দ্রুত দাবি নিষ্পত্তির সুবিধা পান। তাই দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য দাবি পরিশোধ নিশ্চিত করাই প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি জানান, ২০২৫ সালে সোনালী লাইফ মোট ৪০৫ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২৫৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে যোগ্য দাবিগুলো সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সোনালী লাইফের মোট প্রিমিয়াম আয় হয়েছে ৮৬৫ কোটি ৯৪ লাখ টাকা এবং নবায়ন প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫৪১ কোটি ২৯ লাখ টাকা। মোট প্রিমিয়াম আয়ের ভিত্তিতে দেশের ৩৬টি জীবন বিমা কোম্পানির মধ্যে প্রতিষ্ঠানটি পঞ্চম, লাইফ ফান্ডের দিক থেকে সপ্তম এবং বিনিয়োগের দিক থেকে দশম অবস্থানে রয়েছে।
এ ছাড়া চতুর্থ প্রজন্মের জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যে মোট প্রিমিয়াম আয়, নবায়ন প্রিমিয়াম, লাইফ ফান্ড ও বিনিয়োগ—এই চারটি সূচকেই সোনালী লাইফ শীর্ষস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে দেশের জীবন বিমা খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।![]()