কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, নির্বাহী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
২৫ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন রিটেইল, এসএমই ও কৃষিঋণ, করপোরেট, ট্রানজেকশন এবং শাখা ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। ব্যবসায়িক কৌশল প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহকসেবা, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক রূপান্তরে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।
কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে তিনি পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে একই প্রতিষ্ঠানে প্রধান পুনরুদ্ধার কর্মকর্তা (সিআরও) এবং প্রধান অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা (ক্যামেলকো) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের রিটেইল, এসএমই, কৃষিঋণ ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক পিএলসি. (ইবিএল) এবং ঢাকা ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক পদে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
তিনি ব্যাংকারদের পেশাজীবী সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি এবং পরবর্তীতে সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক ক্যাশলেস ব্যাংকিং সেবার সম্প্রসারণ, টেকসই প্রবৃদ্ধি, সুশাসন এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকটি নতুন গতি অর্জন করবে।![]()