জুলাইয়ে প্রবাসী আয় ২.৮৬ বিলিয়ন ডলার, বেড়েছে ১৫.৪ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই মাসের ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিন—৩০ ও ৩১ জুলাই—প্রবাসী বাংলাদেশিরা ১৫২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। মাসের মোট রেমিট্যান্স প্রবাহে এ দুই দিনের অবদান উল্লেখযোগ্য।
রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।