মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি এবং তরুণদের এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায় নিয়ে রাজধানীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে দ্য বাংলাদেশ অ্যান্টিড্রাগ ফেডারেশন। সহযোগিতায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কর্মশালার মিডিয়া পার্টনার ছিল সময় জার্নাল।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় শুরু হয়ে কর্মশালাটি চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি লাবিন রহমান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শিরিনা বিথীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য বাংলাদেশ অ্যান্টিড্রাগ ফেডারেশনের প্রধান উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মোট পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে মাদক ও ইন্টারনেট আসক্তির কারণ, আসক্তি থেকে উত্তরণের উপায়, ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা, মাদকাসক্তির ঝুঁকি ও প্রতিরোধ, ডোপ টেস্টের প্রয়োজনীয়তা এবং ইন্টারনেট আসক্তি থেকে সুরক্ষার উপায় নিয়ে আলোচনা করা হয়।
কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় বিভিন্ন সেশন পরিচালনা করেন সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক আরিফ খান, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও প্রেসিডেন্ট রিহ্যাব ড. আলী আফজাল, দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান, প্রমিসেস মাদক নিরাময় কেন্দ্রের উদ্যোক্তা শাহেদুল ইসলাম হেলাল এবং উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক নিয়াজ আলী চিশতী।
সেশনগুলোতে শিক্ষার্থীদের মাদক ও প্রযুক্তি আসক্তির ব্যক্তিগত, সামাজিক ও শিক্ষাজীবনে প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালার সেশন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজের আয়োজন করে সময় জার্নাল। এতে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।
দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান এবং সংসদ সদস্য হেলেন জেরিন খান।
আয়োজকরা বলেন, তরুণদের মধ্যে মাদক ও ইন্টারনেট আসক্তি প্রতিরোধের পাশাপাশি তাদের সঠিক ক্যারিয়ার নির্বাচনে সহায়তা করতে সচেতনতা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রয়োজন। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা রাখবে।![]()