বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন, সে ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাক্ষাতের বিষয়টি জানান।
অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে অ্যামচেমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।