আন্তর্জাতিক ডেস্ক
নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন। তিন দশকেরও বেশি সময় দেশটির রাজা হিসেবে দায়িত্ব পালন করা এই সংস্কারমুখী রাজা শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো ইউনিভার্সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। নরওয়ের রাজপ্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইউরোপের সবচেয়ে বয়স্ক জীবিত রাজা ছিলেন হ্যারাল্ড। চলতি মাসের ১৭ আগস্ট রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২৪ সালে মালয়েশিয়ায় ব্যক্তিগত সফরের সময়ও সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। সে সময় তার হৃদযন্ত্রে প্রথমে অস্থায়ী এবং পরে স্থায়ী পেসমেকার বসানো হয়েছিল।
১৯৯১ সালে সিংহাসনে আরোহণের পর তিনি নরওয়ের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে রাজতন্ত্রকে আরও আধুনিক ও জনমুখী করে তোলার চেষ্টা করেন। বয়সজনিত শারীরিক সীমাবদ্ধতার কারণে ২০২৪ সালে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ কমানোর ঘোষণা দিলেও তিনি স্পষ্ট করে বলেছিলেন, রাজা হিসেবে তার দায়িত্ব আজীবনের এবং তিনি সিংহাসন ছাড়বেন না।
যুদ্ধ, নির্বাসন ও এক ভিন্নধর্মী প্রেমের গল্প
পঞ্চম হ্যারাল্ড ১৯৩৭ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার প্রপৌত্র এবং প্রায় ৫৭০ বছর পর নরওয়ের মাটিতে জন্ম নেওয়া প্রথম রাজকীয় উত্তরাধিকারী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি নরওয়ে দখল করলে মাত্র তিন বছর বয়সে মায়ের সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। শৈশবের একটি অংশ সুইডেন ও যুক্তরাষ্ট্রে কাটিয়ে ১৯৪৫ সালে যুদ্ধ শেষে দেশে ফিরে আসেন। পরে তিনি সরকারি স্কুলে পড়াশোনা করেন, যা সে সময়ের রাজপরিবারের জন্য ছিল ব্যতিক্রমী সিদ্ধান্ত।
তার ব্যক্তিজীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল সাধারণ পরিবারের মেয়ে সনিয়া হারালদসেনকে বিয়ে করা। রাজপরিবারের আপত্তির কারণে এই সম্পর্ককে স্বীকৃতি পেতে নয় বছর অপেক্ষা করতে হয়েছিল। শেষ পর্যন্ত ১৯৬৮ সালে তাদের বিয়ে হয়, যা নরওয়ের রাজতন্ত্রে সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
সংকটের সময়ে ঐক্যের কণ্ঠস্বর
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে হ্যারাল্ড ছিলেন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এক মুখ। ২০১১ সালে ডানপন্থী উগ্রবাদী আন্দের্স বেরিং ব্রেইভিকের হামলায় ৭৭ জন নিহত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া তার ভাষণ নরওয়েজিয়ান সমাজে ঐক্য ও সহমর্মিতার বার্তা হিসেবে স্মরণীয় হয়ে আছে। বন্যা, ঝড় ও অন্যান্য দুর্যোগের পর তিনি নিয়মিত ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে মানুষের খোঁজখবর নিতেন।
নতুন রাজা হবেন যুবরাজ হাকন
রাজা হ্যারাল্ডের মৃত্যুর পর তার ৫৩ বছর বয়সী ছেলে যুবরাজ হাকন নরওয়ের নতুন রাজা হবেন। ১৯০৫ সালে সুইডেন থেকে স্বাধীনতা অর্জনের পর তিনি দেশটির চতুর্থ রাজা হিসেবে সিংহাসনে বসবেন।![]()