মার্কিন পপসম্রাজ্ঞী ও জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লোপেজের গান আর নাচের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। দীর্ঘ ক্যারিয়ারে সংগীত, চলচ্চিত্র ও মঞ্চ—সবখানেই তিনি পেয়েছেন আকাশচুম্বী সাফল্য। এবার সেই জাদুকরী পারফরম্যান্স নিয়ে তিনি আবারও ফিরছেন আবুধাবিতে।
২০২৬ সালের ‘ফর্মুলা ওয়ান ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি গ্রাঁ প্রি’-এর রেস-পরবর্তী কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন এই বিশ্বখ্যাত তারকা। ফর্মুলা ওয়ান মৌসুমের সমাপনী এই আয়োজন ঘিরে শুক্রবার অনুষ্ঠিত হবে লোপেজের এই বিশেষ পরিবেশনা, যা গ্রাঁ প্রির সপ্তাহান্তের বিনোদন সূচিতে যোগ করেছে বাড়তি উন্মাদনা।
ইয়াস আইল্যান্ডের ‘ইতিহাদ লাইভ’ (যা আগে ‘ইতিহাদ পার্ক’ নামে পরিচিত ছিল)-এ হবে এই জমকালো আয়োজন। কনসার্টে তিনি ভক্তদের জন্য গাইবেন তার জনপ্রিয় সব গান। এর মধ্যে ‘অল আই হ্যাভ’, ‘ওয়েটিং ফর টুনাইট’, ‘লেটস গেট লাউড’, ‘এইন্ট ইট ফানি’, ‘আই অ্যাম রিয়েল’, ‘জেনি ফ্রম দ্য ব্লক’, ‘অন দ্য ফ্লোর’ এবং ‘সেভ মি টুনাইটের’ মতো মেগাহিট গানগুলো থাকার কথা রয়েছে।
‘ইয়াসালাম প্রেজেন্টেড বাই এতিসালাত’-এর বিনোদন সূচিতে জেনিফার লোপেজের মতো বড় তারকার অন্তর্ভুক্তি এই বিশ্বমানের লাইভ সংগীতের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
১৯৬৯ সালে পুয়ের্তো রিকান বংশোদ্ভূত মা-বাবার ঘরে জন্ম নেওয়া এই শিল্পী নিউইয়র্কের ব্রঙ্কসের ক্যাসল হিল এলাকায় বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহ ছিল তার, যা আজ তাকে বিশ্বমঞ্চের অন্যতম সেরা ও জনপ্রিয় পারফর্মারে পরিণত করেছে।