সংযুক্ত আরব আমিরাত থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগকারী এক সুইস নাগরিকের মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে তথ্য চেয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কায়সারের কাছে এ বিষয়ে জানতে চান তিনি।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে রাষ্ট্রদূত অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।![]()