বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে আগামী সেপ্টেম্বরে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও জাপানের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের দিকে বিশেষ নজর থাকবে। মূল্যস্ফীতি, জ্বালানির দাম ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অনিশ্চয়তার মধ্যে এসব সিদ্ধান্ত বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে।
সেপ্টেম্বরে ফেড সুদহার অপরিবর্তিত রাখতে পারে বলে বাজারে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কিছুটা কমলেও শ্রমবাজারে দুর্বলতার লক্ষণ রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ আবার বাড়তে পারে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১০ সেপ্টেম্বর সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। জুলাইয়ে ইউরোজোনের মূল্যস্ফীতি বেড়ে ২ দশমিক ৯ শতাংশ হয়েছে। জ্বালানির দাম বাড়লে এ চাপ আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
জাপানের কেন্দ্রীয় ব্যাংক ১৮ সেপ্টেম্বর সিদ্ধান্ত জানাবে। দুর্বল ইয়েন ও মূল্যস্ফীতির চাপ সামলাতে ব্যাংকটি সুদহার আরো ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্য, তুরস্ক, সুইজারল্যান্ড, রাশিয়া ও অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকও সেপ্টেম্বরে মুদ্রানীতি নিয়ে সিদ্ধান্ত দেবে।
সব মিলিয়ে মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির টানাপড়েনের মধ্যে সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সিদ্ধান্ত বৈশ্বিক সুদহার, মুদ্রাবাজার ও বিনিয়োগ প্রবাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।![]()