রাষ্ট্রমালিকানাধীন তিন ব্যাংক—অগ্রণী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে ব্যাংক তিনটিতে নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায়। এতে অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বিডিবিএলের এমডি মো. জসীমউদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সম্মতির কথা জানানো হয়। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট পর্ষদ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্র জানায়, তিন ব্যাংকের নতুন এমডি নিয়োগের কাজ চলছে। শিগগিরই এ নিয়োগ দেওয়া হতে পারে।
এর আগে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনে সরকার। ১০ পরিচালককে সরিয়ে নতুন করে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল ব্যাংকের পরিচালকও রয়েছেন।
নতুন পরিচালকদের মধ্যে সাবেক সচিব, অতিরিক্ত সচিব, বিচারক, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা, হিসাববিদ ও বেসরকারি ব্যাংকের সাবেক শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।![]()