বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেলে শহরের নির্ধারিত স্থান থেকে র্যালিটি শুরু হয়ে শরীয়তপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলেন। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের উপস্থিতিতে শহরে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
মাহবুব মোর্শেদ টিপু দীর্ঘদিন ধরে শরীয়তপুরের বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি সদর উপজেলা পরিষদের বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং কারা নির্যাতনের অভিজ্ঞতার কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাহবুব মোর্শেদ টিপু বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে তৃণমূলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকারও আহ্বান জানান তিনি।
পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচিতে অংশ নেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
![]()