দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। ব্যান্ডটির প্রত্যাবর্তন ঘিরে ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’।
দিনব্যাপী এ আয়োজনে অর্থহীনের সঙ্গে মঞ্চে পারফর্ম করবে অ্যাভয়েডরাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ। দেশের ছয়টি রক ব্যান্ড ও শিল্পীর অংশগ্রহণে আয়োজনটি চট্টগ্রামের সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত উৎসবে থাকছে আধুনিক মঞ্চসজ্জা, উন্নত শব্দ ও আলোকব্যবস্থা। আয়োজকরা জানিয়েছেন, দুপুর ২টায় দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেয়া হবে। অনুষ্ঠান শুরু হবে বেলা ৩টায়। সন্ধ্যা ৬টার পর দর্শকদের প্রবেশ বন্ধ থাকবে। রাত ১০টায় শেষ হবে পুরো আয়োজন।
দীর্ঘ সময় পর অর্থহীনের মঞ্চে ফেরাকে কেন্দ্র করে এরই মধ্যে চট্টগ্রামের সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ব্যান্ডটির জনপ্রিয় গান ও দীর্ঘদিনের শ্রোতাদের প্রত্যাশা এবারের আয়োজনে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।![]()