বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।
সম্প্রতি রাজধানীতে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমারের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। সিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের নেতৃত্বে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সিটি ব্যাংকের। বর্তমানে প্রতিষ্ঠান দুটির মধ্যে ৪ কোটি ডলারের মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু রয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড অর্থায়ন সুবিধা রয়েছে। বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে এসব সুবিধা ব্যবহার করছে সিটি ব্যাংক।
বৈঠকে দুই প্রতিষ্ঠানের বিদ্যমান সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে রফতানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃওআইসি বাণিজ্য সম্প্রসারণে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকের মাধ্যমে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন সুবিধা আরো সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতে অর্থায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।
দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় বাণিজ্য অর্থায়নের পরিধি বাড়ানো এবং নতুন নতুন অর্থায়ন কাঠামো নিয়ে কাজ করার সম্ভাবনাও বৈঠকে গুরুত্ব পায়।![]()