আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈত স্বীকৃতি অর্জন করল পূবালী ব্যাংক
ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত ‘চতুর্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ‘বেস্ট ব্যাংক–বাংলাদেশ’ এবং ‘বেস্ট পারফরম্যান্স অন গ্রোথ–বাংলাদেশ’ বিভাগে এ সম্মাননা পেয়েছে ব্যাংকটি।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে দুটি সম্মাননা গ্রহণ করেন। আয়োজকদের মতে, টেকসই প্রবৃদ্ধি, সুশাসন, উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ব্যাংকটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক এ অর্জন উপলক্ষে পরে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান, সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, পরিচালক হাবিবুর রহমান, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী ও কবির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, অধ্যাপক ড. হাসিনা শেখ, কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও মহাব্যবস্থাপক মো. লিটন মিয়া, চিফ প্রটোকল অফিসার মো. শাহ আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর নেতৃত্বে কেক কেটে অর্জনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে মনজুরুর রহমান বলেন, এ আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাংকিং উৎকর্ষ, টেকসই প্রবৃদ্ধি, সুশাসন, উদ্ভাবন এবং মানসম্মত গ্রাহকসেবার প্রতি পূবালী ব্যাংকের অঙ্গীকারের স্বীকৃতি। প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে ব্যাংকটি অবদান রেখে যাচ্ছে।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, এ অর্জন গ্রাহকদের আস্থা, শেয়ারহোল্ডারদের বিশ্বাস, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্বের সম্মিলিত ফল। ভবিষ্যতেও ডিজিটাল রূপান্তর, আর্থিক অন্তর্ভুক্তি এবং নিরাপদ প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংক কাজ করে যাবে।