কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বাড়ায় ডেটা সেন্টার, শক্তিশালী চিপ ও চিপ উৎপাদন কারখানার চাহিদাও বাড়ছে। এ পরিস্থিতিতে এআই অবকাঠামো নির্মাণে ৫০০ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে এআই চিপ নির্মাতা এনভিডিয়া ও ওয়াল স্ট্রিটের কয়েকটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। খবর বিবিসির।
এনভিডিয়া জানিয়েছে, এ উদ্যোগে অ্যাপোলো, ব্ল্যাকরক, ব্ল্যাকস্টোন, ব্রুকফিল্ড, গোল্ডম্যান স্যাকস ও কেকেআরের মতো বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সংগ্রহ করা অর্থ এনভিডিয়ার নিজস্ব প্রকল্পের পাশাপাশি অংশীদারদের এআই অবকাঠামো নির্মাণেও ব্যবহার করা হবে।
এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন হয়। এজন্য হাজার হাজার শক্তিশালী চিপসমৃদ্ধ বড় ডেটা সেন্টার নির্মাণ করতে হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। এসব ডেটা সেন্টার পরিচালনার জন্য বিপুল বিদ্যুৎ এবং উন্নত শীতলীকরণ ব্যবস্থাও প্রয়োজন। নতুন তহবিলের বড় একটি অংশ এসব অবকাঠামো নির্মাণে ব্যয় হবে।
পাশাপাশি এআই চিপ উৎপাদনের সক্ষমতা বাড়াতেও বিনিয়োগ করা হতে পারে। এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চক্ষমতাসম্পন্ন চিপের চাহিদা দ্রুত বাড়ছে। ফলে চিপ উৎপাদনের নতুন কারখানা স্থাপন ও সরবরাহ সক্ষমতা বাড়ানো এখন প্রযুক্তি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠেছে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বলেন, এআইয়ের ক্ষেত্রে কম্পিউটিং ক্ষমতাই রাজস্ব তৈরির ভিত্তি। এআই অবকাঠামোয় বিনিয়োগের জন্য বিশ্বের বড় দীর্ঘমেয়াদি মূলধন সরবরাহকারীদের এক জায়গায় আনাই এ উদ্যোগের লক্ষ্য।
এনভিডিয়ার চিপ বর্তমানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও এআই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, স্পেসএক্স, টেসলা, ওপেনএআই ও অ্যানথ্রোপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এআই সেবা ও প্ল্যাটফর্ম পরিচালনায় এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ ব্যবহার করে।
এআই খাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে এসব প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যয়ও বেড়েছে। বিভিন্ন নথি অনুযায়ী, গত তিন বছরে এসব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এআই প্রকল্প ও অবকাঠামোয় ১ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। সামনে এ ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের অন্যতম বড় সুবিধাভোগী এনভিডিয়া। এআইয়ের জন্য প্রয়োজনীয় জিপিইউয়ের চাহিদা বাড়ায় গত তিন বছরে শেয়ারবাজারে কোম্পানিটির মূল্য প্রায় পাঁচ গুণ বেড়েছে। তবে এখন শুধু চিপ সরবরাহকারী হিসেবে নয়, এআই অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও নিজেদের ভূমিকা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
জেনসেন হুয়াং বলেন, চিপ নির্মাতা হিসেবে এনভিডিয়ার যাত্রা শুরু হলেও এখন কোম্পানিটি নতুন ধরনের উৎপাদনশীল ও বিনিয়োগযোগ্য অবকাঠামো তৈরিতে সহায়তা করছে। এসব অবকাঠামোকে তিনি ‘এআই ফ্যাক্টরি’ হিসেবে উল্লেখ করেন।
এআই ফ্যাক্টরি বলতে মূলত এমন ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামোকে বোঝানো হচ্ছে, যেখানে বিপুলসংখ্যক চিপ একসঙ্গে কাজ করে। এসব স্থাপনা এআই মডেল প্রশিক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং এআইভিত্তিক সেবা পরিচালনার প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতা সরবরাহ করে।
ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগকারীরা এ খাতে এগিয়ে আসায় এআই অবকাঠামো নির্মাণে অর্থের জোগান আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এনভিডিয়ার সঙ্গে অংশীদার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নতুন প্রকল্পে ঋণ ও বিনিয়োগ পাওয়ার সুযোগও বাড়বে। ফলে এআই অবকাঠামো সম্প্রসারণের গতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
অ্যাপোলোর প্রেসিডেন্ট জিম জেল্টার বলেন, আধুনিক কম্পিউটিং এখন একটি দুর্লভ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদশ্রেণী। দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে এআই অবকাঠামোয় বিপুল অর্থ বিনিয়োগের সঙ্গে ঝুঁকিও রয়েছে। বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রাথবোনসের জ্যেষ্ঠ বিনিয়োগ ব্যবস্থাপক জেন সিনডেনহ্যাম বলেন, এআইয়ের জন্য এনভিডিয়ার চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খাতটির প্রবৃদ্ধি ধরে রাখতে চিপের সরবরাহ বাড়ানো প্রয়োজন। তবে এআই অবকাঠামোয় যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে, এসব প্রকল্প ভবিষ্যতে সে অনুপাতে মুনাফা দিতে পারবে কিনা, সেটিই বড় প্রশ্ন।
ফলে এনভিডিয়া ও ওয়াল স্ট্রিটের এ উদ্যোগ একদিকে এআই অবকাঠামোয় দীর্ঘমেয়াদি মূলধনের প্রবাহ বাড়াবে, অন্যদিকে এ খাতে বিনিয়োগের অর্থনৈতিক কার্যকারিতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করবে। এআইয়ের চাহিদা কতটা দীর্ঘস্থায়ী হবে এবং নির্মিত অবকাঠামো থেকে বিনিয়োগকারীরা কতটা মুনাফা করতে পারবেন, তার ওপরই এ বিপুল বিনিয়োগের সাফল্য অনেকাংশে নির্ভর করবে।