সোনালী ব্যাংক পিএলসির ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রসারণে কার্ড পেমেন্ট গেটওয়ে সলিউশন সরবরাহ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি ব্যাংক দুটি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সোনালী ব্যাংকের গ্রাহকদের কার্ডভিত্তিক লেনদেন আরও সহজ ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমটিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন।
চুক্তির আওতায় সোনালী ব্যাংককে কার্ড পেমেন্ট গেটওয়ে সেবা দেবে এমটিবি। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টের পরিধি বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের লেনদেনের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্য রয়েছে দুই ব্যাংকের।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ অংশীদারত্বের ফলে সোনালী ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের সেবা আরও বিস্তৃত হবে। পাশাপাশি দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো ও ব্যাংকিং সেবার আধুনিকায়নেও উদ্যোগটি ভূমিকা রাখবে।
![]()