ড. এফ এইচ আনসারি
ব্যবস্থাপনা পরিচালক, এসিআই অ্যাগ্রিবিজনেস
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, এসিআই মোটরস লিমিটেড
রাজু আলীম
বাংলাদেশের কৃষিতে গত চার দশকে উৎপাদন, যান্ত্রিকীকরণ ও প্রযুক্তির ব্যবহারে বড় পরিবর্তন এসেছে। তবে কৃষির পরবর্তী অগ্রযাত্রায় উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আয়, পণ্যের সংরক্ষণ এবং বাজারজাতকরণে বিশেষ গুরুত্ব দিতে হবে। কৃষির এই রূপান্তরে গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পুরো সরবরাহব্যবস্থাকে সমন্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এসিআই অ্যাগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি।
ড. এফ এইচ আনসারির মতে, বাংলাদেশের কৃষি এখন আর আগের অবস্থায় নেই। উন্নত জাতের বীজ, আধুনিক সেচব্যবস্থা, কৃষিযন্ত্রের ব্যবহার এবং গবেষণার মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা অনেক বেড়েছে। ৪০ বছর আগে প্রতি হেক্টরে ধানের গড় উৎপাদন ছিল প্রায় সাড়ে তিন টন। এখন তা বেড়ে ৪ দশমিক ৩ থেকে ৪ দশমিক ৪ টনে পৌঁছেছে। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত কিছু উন্নত জাতের ধানে এর চেয়েও বেশি ফলন পাওয়া সম্ভব।
তিনি বলেন, ‘৪০ বছর আগের কৃষির সঙ্গে এখনকার কৃষির তুলনা করলে বিশাল পরিবর্তন দেখতে পাবেন। আগে যে জমিতে সাড়ে তিন টন ধান হতো, এখন সেখানে ৪ দশমিক ৩ থেকে ৪ দশমিক ৪ টন হচ্ছে। গবেষণা থেকে নতুন নতুন জাত ও প্রযুক্তি এসেছে। এসব উন্নত জাতের ধানের উৎপাদন সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে ৬ থেকে ৯ টন পর্যন্ত।’
সবজি উৎপাদনেও দেশীয় গবেষণা ও বীজ উদ্ভাবনের অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। একসময় দেশে সবজির বীজের বড় অংশ আমদানি করতে হতো। এখন স্থানীয় প্রতিষ্ঠানগুলো উন্নত ও হাইব্রিড জাতের বীজ উদ্ভাবন করছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগে সবজির বীজের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ আমদানিনির্ভর ছিল। এখন তা কমে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশে নেমেছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত বীজের ব্যবহার বেড়েছে।
কৃষির এই পরিবর্তনে যান্ত্রিকীকরণের অবদানও উল্লেখযোগ্য। আগে গরুর লাঙল দিয়ে জমি চাষ করা হতো। এখন ট্রাক্টর ও পাওয়ার টিলারের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। তাঁর হিসাবে, দেশের প্রায় ৯৫ শতাংশ জমিতে চাষের কাজে ট্রাক্টর ও পাওয়ার টিলার ব্যবহৃত হচ্ছে। সেচের ক্ষেত্রেও প্রায় ৯০ শতাংশ জমিতে আধুনিক ব্যবস্থার ব্যবহার রয়েছে। তবে ধান কাটা ও রোপণের ক্ষেত্রে যান্ত্রিকীকরণ এখনো তুলনামূলক কম। ধান কাটার প্রায় ১৮ থেকে ২০ শতাংশ কাজ যন্ত্রের মাধ্যমে হচ্ছে। ধান রোপণেও যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে।
ড. আনসারি বলেন, ‘কৃষিতে যান্ত্রিকীকরণ শুধু উৎপাদন সহজ করছে না, নতুন উদ্যোক্তা তৈরির সুযোগও তৈরি করছে। আমরা ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, ধান রোপণের যন্ত্রসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কৃষকের কাছে পৌঁছে দিচ্ছি। এখন একজন তরুণ উদ্যোক্তা নিজে জমি চাষ না করেও যন্ত্র কিনে অন্য কৃষকের জমিতে সেবা দিতে পারছেন। এভাবে কৃষির সঙ্গে নতুন ব্যবসা ও কর্মসংস্থান যুক্ত হচ্ছে।’
কৃষির যান্ত্রিকীকরণ এখন শুধু জমি চাষ বা ফসল কাটার মধ্যে সীমাবদ্ধ নেই। ড্রোনের ব্যবহার শুরু হয়েছে ফসলের পরিচর্যায়। বিশেষ করে ভুট্টার মতো উঁচু গাছে কীটনাশক ছিটানো শ্রমসাধ্য কাজ। ড্রোন দিয়ে এখন সহজেই এ কাজ করা যাচ্ছে। আলু রোপণ ও উত্তোলনের ক্ষেত্রেও যন্ত্রের ব্যবহার বাড়ছে। গবাদিপশুর দুধ দোহনের জন্য ছোট যন্ত্র, ঘাস কাটার সরঞ্জাম, মাছের খামারের যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় খাবার সরবরাহের ব্যবস্থা চালু হয়েছে। পোলট্রি খামারেও অটোমেশন বাড়ছে।
তাঁর মতে, কৃষির প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। এ জন্য প্রয়োজন কৃষকের বাস্তব চাহিদা বোঝা এবং তাঁদের সাধ্যের মধ্যে প্রযুক্তি পৌঁছে দেওয়া। বিশেষ করে ছোট জমির কৃষকদের জন্য যন্ত্র কেনার পরিবর্তে যন্ত্রভিত্তিক সেবা পাওয়ার ব্যবস্থা সম্প্রসারণ করা জরুরি।
শুধু শস্য উৎপাদন নয়, প্রাণিসম্পদ ও মৎস্য খাতেও প্রযুক্তির ব্যবহারে বড় পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি। কৃত্রিম প্রজনন প্রযুক্তির ব্যবহারে গবাদিপশুর জাত উন্নয়ন এবং দুধ উৎপাদন বেড়েছে। আগে একটি গাভি থেকে দৈনিক গড়ে এক থেকে দেড় লিটার দুধ পাওয়া গেলেও এখন তা বেড়ে পাঁচ থেকে ছয় লিটারে পৌঁছেছে। উন্নত জাতের কোনো কোনো গাভি থেকে দৈনিক ৩০ থেকে ৪০ লিটার পর্যন্ত দুধ পাওয়া যাচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কৃত্রিম প্রজননসেবা এখন প্রায় ৬০ শতাংশ পর্যায়ে পৌঁছেছে।
মৎস্য খাতেও উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। উন্নত পোনা, খাবার ও খামার ব্যবস্থাপনার কারণে মাছের উৎপাদন বেড়েছে। আগে মাছ উৎপাদনে প্রতি কেজি খাবারের বিপরীতে তুলনামূলক কম ফলন পাওয়া যেত। এখন উন্নত ব্যবস্থাপনায় ১ দশমিক ৪ থেকে ১ দশমিক ৫ কেজি খাবার ব্যবহার করে এক কেজি মাছ উৎপাদন সম্ভব হচ্ছে। একই সঙ্গে প্রাকৃতিক জলাশয়ের মাছের ওপর নির্ভরতা কমেছে। একসময় মোট মাছের উৎপাদনের প্রায় ৬০ শতাংশ আসত প্রাকৃতিক উৎস থেকে। এখন চাষের মাছের অবদান প্রায় ৬০ শতাংশ।
কৃষকের সম্পদ বাড়ানোর বিষয়টিকে সামনে রেখেই কৃষিতে প্রযুক্তি ও বিনিয়োগের পরিকল্পনা সাজানো প্রয়োজন বলে মনে করেন ড. আনসারি। তিনি বলেন, ‘আমাদের একটি স্পষ্ট লক্ষ্য আছে—কৃষকের সম্পদ বৃদ্ধি করা। দেশের অর্ধেকের মতো মানুষ গ্রামে বাস করেন। তাঁদের জীবনমান উন্নত করতে হলে কৃষকের আয় বাড়াতে হবে। কৃষকের যে প্রয়োজন, তা সঠিক সময়ে সরবরাহ করতে পারলে তাঁর সম্পদ বাড়ানো সম্ভব।’
তাঁর মতে, নতুন প্রজন্মের অনেকেই কৃষিকে পেশা হিসেবে নিতে আগ্রহী নয়। কৃষিকাজের পরিশ্রম এবং সনাতন পদ্ধতির কারণে এ অনীহা তৈরি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়লে কৃষিকাজ সহজ হবে। একই সঙ্গে শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে কৃষিতে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। যন্ত্রের মালিকানা, যন্ত্র পরিচালনা, কৃষিসেবা, বীজ উৎপাদন ও ফসল প্রক্রিয়াজাতকরণ—প্রতিটি ক্ষেত্রেই নতুন উদ্যোগের সম্ভাবনা রয়েছে।
কৃষকের সঙ্গে প্রযুক্তির সংযোগ বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার নিয়েও কাজ চলছে। এর মাধ্যমে কৃষক, ডিলার, ডিস্ট্রিবিউটর ও কৃষি সম্প্রসারণসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। কৃষকদের নতুন প্রযুক্তির ব্যবহার শেখানো এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষক সহজে আধুনিক প্রযুক্তির খবর পাবেন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে পারবেন এবং উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়ার সুযোগ তৈরি হবে।
কৃষির পুরো ভ্যালু চেইন উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, উন্নত বীজ, সার ও কীটনাশক সরবরাহের পাশাপাশি জমি প্রস্তুত, ফসল সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপকে সমন্বিত করতে হবে। একটি পর্যায়ে ঘাটতি থাকলে অন্য পর্যায়ে উৎপাদন বাড়িয়েও কৃষক কাঙ্ক্ষিত লাভ পাবেন না।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফসল উৎপাদনের জন্য গবেষণা ও উন্নত বীজ প্রয়োজন। এরপর সার, কীটনাশক ও জমি চাষের যন্ত্রপাতি লাগে। ফসল কাটার পর সেটি সংরক্ষণ করতে হয়। পরে প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা প্রয়োজন। পুরো ভ্যালু চেইনকে একসঙ্গে এগিয়ে নিতে পারলেই কৃষকের প্রকৃত উপকার হবে।’
বীজ উৎপাদনে গবেষণার পাশাপাশি কৃষকদের সরাসরি যুক্ত করার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন উদ্ভাবিত বীজ স্থানীয় কৃষকদের মাঠে পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হচ্ছে। এ কার্যক্রমে প্রায় পাঁচ হাজার কৃষক যুক্ত রয়েছেন। উৎপাদিত বীজ সংগ্রহের পর প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে স্থানীয় বীজ উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে।
জৈব সারের ব্যবহার বাড়ানো নিয়েও কাজ করছে তাঁদের প্রতিষ্ঠান। পোলট্রি বর্জ্য, গরুর গোবর এবং সবজির বাজারের বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরি করা হচ্ছে। ড. আনসারি জানান, তাঁদের এ কার্যক্রমে বছরে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টন জৈব সার বাজারজাত করা হচ্ছে। কৃষিতে স্থানীয়ভাবে পাওয়া বর্জ্যকে কাজে লাগাতে পারলে একদিকে মাটির জন্য উপকারী সার পাওয়া যাবে, অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনাও উন্নত হবে।
কৃষিপণ্যের সংরক্ষণকে দেশের কৃষি অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। উৎপাদনের পর পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থা না থাকায় অনেক কৃষক দ্রুত পণ্য বিক্রি করতে বাধ্য হন। তখন বাজারে সরবরাহ বেশি থাকায় তাঁরা ন্যায্য দাম পান না। পরে একই পণ্যের সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায়। এই সমস্যা সমাধানে কৃষিপণ্যের বড় মোকামগুলোতে আধুনিক সংরক্ষণাগার গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
তিনি বলেন, ‘সংরক্ষণের অভাবে কৃষক ফসল তোলার পরপরই পণ্য বিক্রি করে দেন। তখন ভালো দাম পান না। আমরা এখন কৃষির বড় বড় মোকামে সংরক্ষণাগার তৈরি করার কথা ভাবছি। সেখানে সাধারণ তাপমাত্রা ও নিয়ন্ত্রিত ঠান্ডা তাপমাত্রার ব্যবস্থা থাকবে। কৃষক তাঁর উদ্বৃত্ত পণ্য সেখানে রাখতে পারবেন। এ জন্য নামমাত্র সেবামূল্য নেওয়া হবে।’
উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও উদ্যোগের কথা জানান তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁদের প্রায় এক হাজার ২০০টি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে কৃষক সরাসরি শাকসবজি ও মাছ বিক্রি করতে পারেন। ফলে মধ্যবর্তী পর্যায়ের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এ বিক্রয়কেন্দ্রের সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
দেশের পেঁয়াজ উৎপাদন ও সরবরাহের উদাহরণ দিয়ে সংরক্ষণ ও মৌসুমভিত্তিক উৎপাদন পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন ড. আনসারি। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ৩৫ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়। এর বড় অংশ শীতকালীন মৌসুমে উৎপাদিত হওয়ায় বছরের অন্য সময়ে সরবরাহে ঘাটতি দেখা দেয়। সংরক্ষণের অভাবে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়। ফলে বাজারে সংকট তৈরি হলে আমদানির প্রয়োজন পড়ে।
এ সমস্যা মোকাবিলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়ানোর উদ্যোগের কথা বলেন তিনি। তাঁর হিসাবে, শীতকালীন পেঁয়াজের হেক্টরপ্রতি উৎপাদন প্রায় ১০ টন। অন্যদিকে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন হেক্টরপ্রতি প্রায় ৩০ টন পর্যন্ত হতে পারে। ফলে বছরের ভিন্ন সময়ে পেঁয়াজ উৎপাদন করা গেলে সরবরাহের ঘাটতি কমবে এবং বাজারে স্থিতিশীলতা আসবে।
তিনি বলেন, ‘আমরাই প্রথম বাংলাদেশে গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত নিয়ে কাজ করেছি। এই পেঁয়াজ গ্রীষ্মকালেও উৎপাদন করা সম্ভব এবং এর ফলনও বেশি। শীতকালীন পেঁয়াজের বাইরে অন্য মৌসুমে উৎপাদন বাড়াতে পারলে সরবরাহের যে ঘাটতি তৈরি হয়, তা অনেকটাই কমানো সম্ভব। পেঁয়াজের ক্ষেত্রে আমরা এর একটি উদাহরণ দেখতে পাচ্ছি।’
রপ্তানিমুখী কৃষি সম্প্রসারণের ক্ষেত্রেও উৎপাদন খরচ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। বিশেষ করে চিংড়ি উৎপাদনে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রতি হেক্টরে চিংড়ির উৎপাদন প্রায় ৩০০ কেজি। ভারতে তা প্রায় এক টন। অন্যদিকে ভ্যানামি চিংড়ির ক্ষেত্রে ভারত ও ভিয়েতনামে অনেক বেশি উৎপাদন পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এ জাতের চাষ এখনো ব্যাপকভাবে সম্প্রসারিত হয়নি।
তাঁর মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদন খরচ কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানো জরুরি। এজন্য উপযুক্ত পুকুর নির্বাচন, পানির গভীরতা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাবার ব্যবস্থাপনায় উন্নতি করতে হবে। বিশেষ করে ভ্যানামি চিংড়ির জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে এ খাতে উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। কিছু উদ্যোক্তা ইতিমধ্যে এ ধরনের চাষ শুরু করেছেন। আগামী দুই থেকে তিন বছরে এ খাতে অগ্রগতি দেখার আশা করছেন তিনি।
শাকসবজি রপ্তানির সম্ভাবনাও রয়েছে বলে মনে করেন ড. আনসারি। বর্তমানে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বাংলাদেশের কিছু কৃষিপণ্য যাচ্ছে। তবে পরিবহন ব্যয়, বিশেষ করে আকাশপথে পণ্য পাঠানোর খরচ বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হচ্ছে। এ ক্ষেত্রে পরিবহন ও সরবরাহব্যবস্থা উন্নত করা প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষি গবেষণাকে নতুনভাবে সাজানোর কথা জানান তিনি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লবণাক্ততা, বন্যা, অতিরিক্ত তাপমাত্রা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন ঝুঁকির মধ্যে পড়ছে। এসব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে লবণাক্ত জমিতে ভুট্টা, গম, সূর্যমুখী ও বিভিন্ন সবজি উৎপাদনের উপযোগী জাত নিয়ে গবেষণা হচ্ছে। বন্যাপ্রবণ এলাকায় পানিতে ডুবে থাকার পরও টিকে থাকতে পারে, এমন ধানের জাত উদ্ভাবনের কাজও চলছে।
হাওর অঞ্চলের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘হাওরে বন্যার কারণে অনেক সময় কৃষক ধান কাটতে পারেন না। সাধারণত ধানের অনেক জাত পরিপক্ব হতে ১৪০ দিন সময় নেয়। আমরা ১০৫ দিনের জাত নিয়ে কাজ করেছি, যাতে আগাম বন্যার আগেই ফসল সংগ্রহ করা যায়। পাশাপাশি কম্বাইন হারভেস্টারের ব্যবহার বাড়ানো হয়েছে। এখন প্রায় তিন থেকে চার হাজার কম্বাইন হারভেস্টার কাজ করছে। এগুলোর মাধ্যমে সাত থেকে ১০ দিনের মধ্যে বড় এলাকার ধান কাটা সম্ভব।’
কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে জমির মাটির গঠন ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে কোন জমিতে কোন ফসল ভালো হবে, সে বিষয়ে কৃষককে পরামর্শ দেওয়া সম্ভব। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া, ফসলের পরিচর্যা ও উৎপাদনসংক্রান্ত পরামর্শ পৌঁছে দেওয়া যাবে।
কৃষিপণ্যের মূল্য সংযোজনের ওপরও গুরুত্ব দেন তিনি। দুধ, মাংস, মাছ, মুরগি ও ডিম থেকে বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য তৈরি করা গেলে কৃষক বেশি দাম পাবেন। একই সঙ্গে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে অপচয় কমবে। ফলে কৃষকের আয়ের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পেরও বিকাশ হবে।
কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করেন ড. আনসারি। গ্রামীণ অর্থনীতিতে নারীরা দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন, হাঁস-মুরগি পরিচর্যা, ফসল শুকানো ও সংরক্ষণসহ বিভিন্ন কাজে যুক্ত। এখন তাঁদের অনেকেই কৃষি উদ্যোক্তা হিসেবে সামনে আসছেন। কেউ কৃষিযন্ত্র কিনে সেবা দিচ্ছেন, কেউ বীজ উৎপাদন করছেন, আবার কেউ মাছ ও অন্যান্য কৃষিপণ্যের খামার গড়ে তুলছেন।
তিনি বলেন, ‘গ্রামের অনেক নারী আগে থেকেই কৃষির সঙ্গে যুক্ত। এখন তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে। অনেক নারী ট্রাক্টর ও হারভেস্টার কিনে কৃষিসেবা দিচ্ছেন। আমাদের বীজ উৎপাদনের সঙ্গে যে প্রায় পাঁচ হাজার কৃষক যুক্ত রয়েছেন, তাঁদের মধ্যে প্রায় অর্ধেক নারী। যান্ত্রিকীকরণের ফলে কৃষিকাজ সহজ হলে ভবিষ্যতে কৃষিতে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে।’
কৃষির সঙ্গে শিক্ষিত তরুণদের সম্পৃক্ত করার বিষয়েও আশাবাদী তিনি। তাঁর মতে, আগামী দিনে কৃষির জন্য শুধু কৃষক নয়, কৃষিবিদ, কৃষি প্রকৌশলী, গবেষক, পশুচিকিৎসক, প্রযুক্তিবিদ এবং দক্ষ সেবাদাতার চাহিদাও বাড়বে। কৃষির ব্যবসা সম্প্রসারিত হলে বীজ উৎপাদন, কৃষিযন্ত্র সরবরাহ, খামার ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণসহ পুরো ব্যবস্থায় কর্মসংস্থান তৈরি হবে।
তিনি বলেন, ‘আমরা কৃষিতে গত ১৬-১৭ বছর ধরে ব্যাপকভাবে কাজ করছি। আমাদের এখানে কৃষি সম্প্রসারণসেবার সঙ্গে প্রায় ১০ হাজার প্রশিক্ষিত জনবল যুক্ত রয়েছে। তাঁদের মধ্যে পশুচিকিৎসক, কৃষি প্রকৌশলী, কৃষিবিদ ও গবেষকেরা রয়েছেন। আগামী পাঁচ বছরে আমাদের ব্যবসা তিন গুণ এবং ১০ বছরে পাঁচ গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে পুরো কৃষি ব্যবস্থার কর্মসংস্থান ও সেবার চাহিদাও বাড়বে।’
সব মিলিয়ে কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও প্রযুক্তিনির্ভর খাতে পরিণত করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন ড. এফ এইচ আনসারি। তাঁর মতে, কৃষকের প্রয়োজন বুঝে সঠিক সময়ে উন্নত প্রযুক্তি ও উপকরণ সরবরাহ করতে হবে। পাশাপাশি উৎপাদিত পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে। তাহলেই কৃষকের আয় বাড়বে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং কৃষি নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের বড় ক্ষেত্র হয়ে উঠবে।
রাজু আলীম
কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব![]()