দেশের রিটেইল খাতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া এবং গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে ইউনিমার্ট গ্র্যান্ড ওয়ে-তে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘ইউনিমার্ট ও এমটিবি সেলফ-চেকআউট’ (Unimart x MTB Self-Checkout) সেবা। গত ১৭ নভেম্বর এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন এই স্মার্ট সেবার উদ্বোধন করা হয়।
ইউনিমার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কেনাকাটায় আরও বেশি স্বাধীনতা, নমনীয়তা ও সময় সাশ্রয়ের সুবিধা দিতেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) যৌথ সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা এখন কারও সহায়তা ছাড়াই নিজের গতিতে এবং ঝামেলামুক্তভাবে পণ্যের বিল পরিশোধ ও চেকআউট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, যা দেশের আধুনিক রিটেইল সেবায় এক নতুন মাইলফলক।
![]()
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর শারফুদ্দিন আখতার রশিদ এবং ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী মাহফুজুর রহমান। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং ডিএমডি ও হেড অব রিটেইল মো. শাফকাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ ছাড়া ঢাকায় নিযুক্ত কূটনৈতিক অঙ্গনের বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদার এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে আয়োজনটিকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলেন।
আধুনিক ও নির্ঝঞ্ঝাট এই সেলফ-চেকআউট সেবা চালুর মধ্য দিয়ে বাংলাদেশের সুপারশপ ও রিটেইল খাতে গ্রাহকসেবার মান এক নতুন উচ্চতায় পৌঁছাল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।