বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, গঙ্গাসহ দুই দেশের মধ্যে প্রবাহিত সব নদীর পানি-সংক্রান্ত বিষয় যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা করা হবে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
সম্প্রতি বাংলাদেশের এক মন্ত্রী গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে নতুন করে পর্যালোচনার কথা বলেছেন। এ বিষয়ে ভারতের অবস্থান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফরের খবর নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে প্রবাহিত সব নদী নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন রয়েছে। নদীসংক্রান্ত সব বিষয় ওই কমিশনেই আলোচনা হবে।
তিনি বলেন, গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে।
১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে এর ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি ঢাকা সফর করেছেন কি না, ব্রিফিংয়ে সে বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।![]()